মো: নুরে ইসলাম মিলন, রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরীতে বিএনপির প্রতীক ধানের শীষকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজশাহী নগরীর ১০ নম্বর ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, “ধানের শীষ এখন জনগণের পছন্দের প্রতীকে পরিণত হয়েছে। রাজশাহী মহানগরীতে ধানের শীষের জোয়ার শুরু হয়েছে। আমরা ৩০০ জন নিয়ে বের হলে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে—এটাই প্রমাণ করে মানুষ ধানের শীষকে কতটা ভালোবাসে।”
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীক রাজশাহীতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অতীতের মতো এবারও রাজশাহীবাসী ধানের শীষকে তাদের প্রিয় প্রতীক হিসেবে গ্রহণ করেছে। দলের সব নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাচ্ছে।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, “এই নির্বাচনে রাজশাহীর সর্বস্তরের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দেবে বলে আমরা আশাবাদী।” উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মিনু বলেন, “জনগণ যদি আমাদের সেবা করার সুযোগ দেয়, তাহলে রাজশাহী এয়ারপোর্ট থেকে কার্গো বিমানের মাধ্যমে পূর্ব ও পশ্চিমাঞ্চলে সরাসরি সবজি ও ফলমূল সরবরাহের ব্যবস্থা করা হবে। আমরা উন্নয়ন ও অগ্রগতিতে বিশ্বাসী।”
গণসংযোগ শেষে তিনি হাতেম খাঁ ছোট মসজিদ থেকে শুরু করে হরিজন পল্লীসহ বিভিন্ন পাড়া-মহল্লায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রচারণা চালান। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট ও দোয়া কামনা করেন। হরিজন পল্লীতে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, নির্বাচিত হলে পল্লীর মানুষের জীবনমান উন্নয়নে বিশেষভাবে কাজ করবেন।
গণসংযোগ ও প্রচারণাকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সহ-সভাপতি আসলাম সরকার, অ্যাডভোকেট ওয়ালিউল হক রানা, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুজ্জামান মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মোহনসহ ১০ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। ১০ নম্বর ওয়ার্ডের গণসংযোগ শেষে তিনি ১১ ও ৮ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে ধানের শীষের স্লোগানে পাড়া-মহল্লার রাস্তাঘাট মুখরিত হয়ে ওঠে।