মোঃআনজার শাহ
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তৃণমূলের ক্রীড়াপ্রতিভা অন্বেষণের দেশব্যাপী কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এর উদ্বোধন করেন।
বিকেল পৌনে ৪টায় বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার সূচনা করেন প্রধানমন্ত্রী। স্টেডিয়ামে প্রবেশের পর গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোর, শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। তরুণ-তরুণীদের উচ্ছ্বাসে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
দেশের ৫০৩টি উপজেলায় একযোগে শুরু হওয়া এই আসরে অংশ নিতে এরই মধ্যে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন শিশু-কিশোর নিবন্ধন করেছে। আগামী বছরের জুনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার লক্ষ্য শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের উদ্দেশে বলেন, তারাই দেশের ভবিষ্যৎ এবং বাংলাদেশের অ্যাম্বাসেডর। তিনি বলেন, খেলাধুলার মধ্য দিয়ে শিশু-কিশোররা শৃঙ্খলা, সাহস ও নেতৃত্বের গুণ অর্জন করবে; আর এর ফলে দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাবে।
আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র আদলে ক্রীড়াক্ষেত্রে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। গত ২ মে সিলেট স্টেডিয়াম থেকে এর প্রথম আসরের উদ্বোধন হয়েছিল। এবার দ্বিতীয় আসরের যাত্রা শুরু হলো খুলনা থেকে।
খুলনার মূল অনুষ্ঠানের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে কুমিল্লার বরুড়ায় অংশগ্রহণমূলক নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন। এতে অংশ নেন প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। তরুণ শিক্ষার্থীদের উপস্থিতি অনুষ্ঠানে বাড়তি উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য যোগ করে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি, সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও মৎস্য কর্মকর্তা সুরাইয়া জাহান।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহির হক স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক মফিজুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
বরুড়াবাসীর প্রত্যাশা, এই আয়োজনের মাধ্যমে উপজেলার গ্রাম-গঞ্জের প্রতিভাবান শিশু-কিশোররা জাতীয় পর্যায়ে সুযোগ পাবে এবং খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করে একদিন পরিবারের ভরসাও হয়ে উঠবে।