Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
নবনিযুক্ত স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রীর সঙ্গে নাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ - দৈনিক স্বাধীন সংবাদ

নবনিযুক্ত স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রীর সঙ্গে নাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

মোহাম্মদ হোসেন হ্যাপী:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় নবনিযুক্ত মন্ত্রী ড. আবদুল মঈন খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। রোববার (২৩ আগস্ট ২০২৬) সকালে সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নাসিক প্রশাসক নবনিযুক্ত মন্ত্রীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং নাগরিক সেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

শুভেচ্ছা বিনিময় শেষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় নবনিযুক্ত মন্ত্রী ড. আবদুল মঈন খান দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “জনগণই সকল ক্ষমতার উৎস। বিগত দীর্ঘ সময়ের অনিয়ম ও স্থবিরতা কাটিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জনগণের প্রত্যক্ষ সেবা নিশ্চিত করার জন্য একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।”

মন্ত্রী আরও বলেন, “স্থানীয় সরকার ব্যবস্থার প্রতিটি স্তরে সংবিধান ও আইন অনুযায়ী যথাসময়ে স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে, যাতে সত্যিকার অর্থে জনগণের সঠিক প্রতিনিধিরা মূল দায়িত্বে আসতে পারেন। দেশের দরিদ্র ও সাধারণ মানুষের উন্নয়ন আমাদের সরকারের মূল অগ্রাধিকার। প্রতিটি সিটি করপোরেশন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে।”

সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনার মতো একজন অভিজ্ঞ ও প্রাজ্ঞ রাজনীতিবিদের দিকনির্দেশনায় স্থানীয় সরকার বিভাগ এক নতুন গতিশীলতা পাবে। নারায়ণগঞ্জ নগরীর আধুনিকায়ন এবং নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমরা সমন্বিতভাবে কাজ করে যাব।” সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ মন্ত্রণালয় ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *