মোঃ আল আমিন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়িভাড়া নিয়ে বিরোধের জেরে সোনারগাঁয়ের এক নারী ও তাঁর শিশুসন্তানের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী মাথায় রক্তাক্ত জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই ঘটনায় তাঁর শিশুসন্তানও আহত হয়েছে বলে জানা গেছে। এ সময় ওই নারীর গলায় থাকা প্রায় এক লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলার কলতাপাড়া এলাকার বাসিন্দা ঋতু আক্তার প্রায় ছয় মাস আগে রূপগঞ্জের ভোলাব এলাকার মনিরের বাড়িতে স্বামী ও সন্তানসহ একটি ফ্ল্যাট ভাড়া নেন। সোনারগাঁয়ে নিজস্ব বাড়িতে বসবাসের উপযোগী পরিবেশ তৈরি হওয়ায় তিনি ভাড়ার বাসাটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
গত সোমবার সন্ধ্যায় বাড়িভাড়া পরিশোধের জন্য বাড়িওয়ালা মনিরের ছেলে মাশরাফির কাছে যান ঋতু আক্তার। এ সময় বাড়িওয়ালার পক্ষ থেকে অতিরিক্ত এক মাসের ভাড়া দাবি করা হলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে দীর্ঘ সময় আটকে রাখা হয় বলে অভিযোগ করেন ঋতু আক্তার।
এ ঘটনায় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ তাঁকে উদ্ধার বা প্রয়োজনীয় সহযোগিতা না করেই ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
পরবর্তী সময়ে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে পথে তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন ঋতু আক্তার। তাঁর অভিযোগ, মাশরাফির বাবা মনির, জাহিদুল, মতিনসহ আরও চার-পাঁচজন মিলে তাঁর ওপর অতর্কিত হামলা চালান। এতে তাঁর মাথায় রক্তাক্ত জখমসহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা আঘাত লাগে। এ সময় তাঁর গলায় থাকা প্রায় এক লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় ঋতু আক্তার রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।