নাচোলে ১৬ দলের অংশগ্রহণে পা-গোলি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফাতেমা খুরশিদ সোমায়া:

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নাচোল হাজিডাঙ্গা সবুজ সংঘ ক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী ডে-নাইট পা-গোলি টুর্নামেন্টের আয়োজন করা হয়। জমজমাট এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন নাচোল পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট আইনজীবী, সমাজসেবক ও মানবাধিকার সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন। তিনি টুর্নামেন্টের আয়োজক, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে নাচোল পৌরসভার ৯টি ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে থেকে জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। বিশেষ করে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের বিপদে-আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা প্রদান করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মসজিদ, মাদ্রাসা, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, রাস্তাঘাট ও গোরস্থানের উন্নয়নমূলক কাজে ব্যক্তিগত অর্থায়নে সহযোগিতা করে থাকেন। পাশাপাশি অসুস্থ ও অসচ্ছল মানুষের চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা প্রদান করে আসছেন।

আসন্ন নাচোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের চায়ের দোকান, বাজার ও সাধারণ মানুষের আলোচনায় তাঁর সামাজিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততার বিষয়টি উঠে আসছে।

তিন দিনব্যাপী এ টুর্নামেন্ট স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *