নারায়ণগঞ্জের আমলাপাড়ায় বিউটি পার্লারের টয়লেট থেকে নারী উদ্যোক্তার মরদেহ উদ্ধার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় একটি বিউটি পার্লারের টয়লেট থেকে কামরুন নাহার ইতি (৩৮) নামে এক নারী উদ্যোক্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আমলাপাড়া এলাকার ‘পরী বিউটি পার্লার’ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।

পুলিশ জানায়, নিহত কামরুন নাহার ইতি ওই বিউটি পার্লারের মালিক ছিলেন। তিনি স্বামী আনোয়ার হোসেন সেন্টুর সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বসবাস করতেন।

ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, গত ২৭ জানুয়ারি থেকে কামরুন নাহার ইতি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার ভাই মো. আলিফ ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

তিনি আরও জানান, শুক্রবার দুপুরে পার্লারের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে পার্লারের টয়লেটের ভেতর থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওসি আব্দুল হালিম বলেন, “নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।”

তিনি আরও জানান, ঘটনার রহস্য উদঘাটনে নিহতের স্বামী আনোয়ার হোসেন সেন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *