মোহাম্মদ হোসেন হ্যাপী:
সাংবাদিকতা, আইন পেশা ও নাগরিক অধিকার আন্দোলনে চার দশকের বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসা নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক নেতা ও আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পদার্পণ করেছেন।
১৯৫৮ সালের ২১ জুলাই নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘ কর্মময় জীবনে সাংবাদিকতা, আইন পেশা, সামাজিক ও নাগরিক আন্দোলনে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। বর্তমানে তিনি দৈনিক খবরের পাতা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
শিক্ষাজীবনে মাহবুবুর রহমান মাসুম নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া প্রাইমারি স্কুল ও আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। পরে জয়গোবিন্দ হাইস্কুল থেকে এসএসসি এবং সরকারি তোলারাম কলেজ থেকে ডিগ্রি সম্পন্ন করেন। ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
পরবর্তীতে নারায়ণগঞ্জ আইন কলেজ থেকে এলএলবি সম্পন্ন করে ১৯৮৭ সালে নারায়ণগঞ্জ আদালতে আইন পেশায় যোগ দেন। পাশাপাশি সাংবাদিকতাকেও পেশা ও সমাজসেবার অন্যতম মাধ্যম হিসেবে বেছে নেন। দীর্ঘ ৪৬ বছরের সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক আজকের কাগজ, দৈনিক ভোরের কাগজসহ ঢাকার বিভিন্ন জাতীয় দৈনিকে নারায়ণগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ৩৪ বছর ধরে দৈনিক খবরের পাতা পত্রিকার প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়া তিনবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
ছাত্রজীবন থেকেই সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন মাহবুবুর রহমান মাসুম। তোলারাম কলেজে অধ্যয়নকালে তিনি জেলা ছাত্রলীগ (জাসদ)-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তোলারাম কলেজকে সরকারি কলেজে রূপান্তরের আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
স্কাউট আন্দোলনেও তার রয়েছে দীর্ঘ অবদান। কাব স্কাউট থেকে শুরু করে রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে স্থানীয় স্কাউটের সম্পাদক, দীর্ঘদিন উপজেলা স্কাউট কমিশনার এবং ঢাকা বিভাগের আঞ্চলিক উপকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা স্কাউটসের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
খেলাধুলার ক্ষেত্রেও তার অবদান রয়েছে। দীর্ঘ ১৬ বছর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের সদস্য ছিলেন তিনি। বর্তমানে নারায়ণগঞ্জের প্রথম বিভাগ ফুটবল লিগের দল নিতাইগঞ্জ ক্রীড়া চক্রের সভাপতির দায়িত্ব পালন করছেন।
শিক্ষা বিস্তারেও রয়েছে তার ভূমিকা। আদর্শ বালিকা বিদ্যালয়ের কলেজ শাখার অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করেছেন তিনি। তিনবার বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে নারায়ণগঞ্জ আইন কলেজের গভর্নিং বডির সদস্য, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নারায়ণগঞ্জের সভাপতি, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা (দক্ষিণ) বিভাগের সমন্বয়কারী এবং ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক আন্দোলনেও দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। সন্ত্রাসবিরোধী আন্দোলন, বাসভাড়া কমানোসহ জনস্বার্থ সংশ্লিষ্ট নানা দাবিতে তিনি সবসময় সোচ্চার ছিলেন।
তার ৬৯তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। এ উপলক্ষে অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।