মোহাম্মদ হোসেন হ্যাপী:
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং শারীরিক-মানসিক বিকাশে সহায়তা দিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা ও থেরাপি সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।
ফতুল্লাস্থ কিডস ক্যাম্পাস অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজউদ্দিন।
বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল রোলার স্লাইডার, ব্যালেন্সার, থেরাপি ম্যাট, ট্রাম্পোলিন, বর্ণমালা পাজল বোর্ডসহ শিশুদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ এবং শিক্ষাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক বিভিন্ন উপকরণ।
অনুষ্ঠানে ইউএনও এস. এম. ফয়েজউদ্দিন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা মনোযোগসহকারে শোনেন এবং শিশুদের সার্বিক উন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের শিক্ষা, চিকিৎসা, থেরাপি ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা জানান, এসব শিক্ষা ও থেরাপি সামগ্রী শিশুদের শারীরিক ভারসাম্য রক্ষা, মোটর স্কিল উন্নয়ন, মানসিক বিকাশ এবং শেখার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বিশেষায়িত শিক্ষা কার্যক্রম পরিচালনাও আরও সহজ হবে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, পুনর্বাসন ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও সংশ্লিষ্টরা।