নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানালেন এস. এম. আসলাম

সূর্য আহমেদ মিঠুন:

নারায়ণগঞ্জ মহানগরে মাদকবিরোধী সামাজিক সচেতনতা জোরদারের আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক এস. এম. আসলাম। তিনি বলেন,

“মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। এ ব্যাধি প্রতিরোধে রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন এবং নাগরিক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সম্প্রতি এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সভায় স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ, রাজনৈতিক কর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এস. এম. আসলাম বর্তমানে জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি, বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি তার বক্তব্যে আরও বলেন,

“যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পরিবারকে আরও সচেতন হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়।”

এস. এম. আসলাম মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি পুনর্বাসন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তিনি ঘোষণা দেন, পরিবহন ও শিল্প খাতে কর্মরত শ্রমিকদের মধ্যে নিয়মিত সচেতনতা কর্মসূচি পরিচালনা করা হবে, যাতে কোনো শ্রমিক মাদকের সঙ্গে সম্পৃক্ত না হন। পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ার কথাও জানান।

পরিশেষে এস. এম. আসলাম প্রতিটি পরিবারের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, তাদের সন্তান কোথায় যায়, কাদের সঙ্গে চলাফেরা করছে তার খোঁজ খবর রাখতে হবে। কারণ পরিবার সচেতন হলে কিশোর গ্যাং ও মাদকে জড়িয়ে যাওয়া কমে আসতে পারে। তিনি নারায়ণগঞ্জের প্রতিটি পরিবারকে সন্তান লালন-পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের তাগিদ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *