নারায়ণগঞ্জে স্বতন্ত্র এমপি প্রার্থীর কর্মীর উপর সশস্ত্র হামলা ও ছিনতাই

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ ৫ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদ হোসেনের কর্মী শাহীন আহমেদ পরাগকে সশস্ত্র হামলা চালিয়ে নগদ অর্থ ছিনতাই ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে বিএনপির প্রার্থী এডভোকেট আবুল কালামের পুত্র আবুল কাউছার আশার সহযোগী সৌরভরাজীব এর বিরুদ্ধে।

রবিবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টায় বন্দর থানার কবিলের মোড়ে এ হামলার ঘটনা ঘটে। আহত পরাগ (৩৮) বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের দাসেরগাঁও এলাকার মৃত এটিএম রুহুল আমিনের ছেলে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করেন। আহত পরাগ প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বন্দর থানায় লিখিত অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছেন।

ভুক্তভোগী শাহীন আহেদ পরাগ অভিযোগ করে বলেন, “রোববার বিকেল ৩টায় বন্দর সাব রেজিস্ট্রি অফিসে জমি বিক্রি করে ১০ লাখ ৭০ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নবীগঞ্জ কবিলের মোড়ে পৌঁছালে উক্ত অভিযুক্তরা আমার গতিরোধ করে। তারা গালিগালাজসহ লোহার রড ও পাইপ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর জখম করেছে। এ সময় আমার সাথে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয়। এছাড়া থানায় অভিযোগ করলে গুলি করে হত্যার হুমকিও দেয় তারা।”

পরাগ আরও জানান, হামলার মূল কারণ তার স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদ হোসেনের কর্মী হওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীর খবর শেয়ার করা

আহত পরাগের পরিবারসহ স্থানীয়রা অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। তারা বলেন, “এই ধরনের সশস্ত্র ও অর্থসহ ছিনতাইমূলক হামলা কোনোভাবেই সহ্যযোগ্য নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”

এ বিষয়ে বন্দর থানার কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত শুরু হয়েছে।

এই হামলা এবং ছিনতাই কাণ্ড নিরাপত্তা এবং রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি সংক্রান্ত বিষয়টিকে আবারও সামনে এনেছে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনের আগে এ ধরনের হামলা ও অর্থ ছিনতাই ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা হিসেবে দেখা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *