নারায়ণগঞ্জে ২ হাজার ৫০ পিস ইয়াবা ও ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক দুটি অভিযানে ২ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং ডিবির ‘ক’ জোনের পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল বন্দর থানার নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় ২ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বন্দর থানার কুশিয়ারা এলাকার মৃত সিরাজুল হোসেনের ছেলে গোলাম রাব্বি (২৮), একই এলাকার মোঃ বকুল হোসেনের ছেলে মোঃ ইয়ন (২২) এবং কদমরসুল এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে শিপন (২৪)। পৃথক আরেকটি অভিযানে ডিবি পুলিশ ফতুল্লা থানাধীন চাষাঢ়া রেলক্রসিং-সংলগ্ন পাকা রাস্তা থেকে ১০ কেজি গাঁজাসহ দীন ইসলাম ওরফে ডেঙ্গু (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি ফতুল্লা থানার মাওরাপট্টি এলাকার মৃত নূর ইসলামের ছেলে।

ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। এ ঘটনায় বন্দর ও ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *