মোঃ শামীম হোসেন সিকদার:
বান্দরবান জেলা শহরের প্রাণকেন্দ্র ও ঐতিহ্যবাহী ‘রাজার মাঠের’ সৌন্দর্য, পরিবেশ এবং উন্মুক্ত আবহ ফিরিয়ে আনতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বান্দরবান জেলা প্রশাসকের নির্দেশে এবং পৌরসভার প্রশাসকের প্রত্যক্ষ নেতৃত্বে আজ শনিবার সকাল থেকে রাজার মাঠসংলগ্ন এলাকায় এই সমন্বিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। পৌরসভা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজার মাঠের চারপাশে অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট ও অবৈধ স্থাপনার কারণে মাঠটির স্বাভাবিক সৌন্দর্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। এতে একদিকে যেমন পথচারীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছিল, অন্যদিকে পুরো শহরের সৌন্দর্যও ক্ষুণ্ণ হচ্ছিল। সার্বিক দিক বিবেচনা করে জেলা প্রশাসনের নির্দেশনায় পৌর কর্তৃপক্ষ এই তাৎক্ষণিক উচ্ছেদ কার্যক্রম হাতে নেয়।
অভিযানে নেতৃত্ব দেন বান্দরবান পৌরসভার প্রশাসক ও নির্বাহী কর্মকর্তাবৃন্দ। এ সময় পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে মাঠের প্রবেশমুখ এবং ফুটপাতসংলগ্ন বেশ কিছু অবৈধ স্থাপনা ও দোকান অপসারণ করা হয়। পৌরসভার প্রশাসক জানান, “রাজার মাঠ বান্দরবানের ঐতিহ্য এবং আমাদের শহরের ‘ফুসফুস’। এর ঐতিহ্য ও সৌন্দর্য রক্ষা করা আমাদের সবার নাগরিক দায়িত্ব। অবৈধ দখলদারদের বারবার সতর্ক করার পরও তারা স্বেচ্ছায় সরে না যাওয়ায় আজ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হয়েছে। বান্দরবান শহরকে পরিচ্ছন্ন, নিরাপদ ও দৃষ্টিনন্দন করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অভিযান শেষে পৌর কর্তৃপক্ষ জানায়, উচ্ছেদকৃত স্থানগুলোতে দ্রুত সৌন্দর্যবর্ধন ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে। এ ছাড়া ভবিষ্যতে যাতে কেউ পুনরায় মাঠটি অবৈধভাবে দখল করতে না পারে, সেজন্য বান্দরবান পৌরসভার পক্ষ থেকে কঠোর ও নিয়মিত তদারকি বহাল থাকবে। এদিকে উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানান, শতাব্দীর ঐতিহ্য বহনকারী এই রাজার মাঠে বহুকাল ধরে শিশু-কিশোর ও তরুণরা খেলাধুলা করে আসছে। এখান থেকে খেলাধুলা করে উঠে এসেছেন বান্দরবানের বহু গুণী মানুষ। তবে সম্প্রতি মাঠটি অবৈধ দখলে চলে যাওয়ায় এবং সন্ধ্যা নামলেই অন্ধকারের সুযোগ নিয়ে কিশোর গ্যাংয়ের আড্ডা ও ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হওয়ায় মাঠের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছিল।
প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে উচ্ছ্বাস প্রকাশ করে শহরের সচেতন নাগরিক ও স্থানীয় বাসিন্দারা জানান, মাঠটি অবৈধ দখলমুক্ত হওয়ায় শিশু-কিশোররা আবার নির্বিঘ্নে খেলাধুলার সুযোগ পাবে এবং সাধারণ মানুষ নিরাপদে হাঁটাচলা করতে পারবে। বান্দরবান পৌরসভার প্রশাসকের এই প্রশংসনীয় উদ্যোগ ও উচ্ছেদ কার্যক্রমকে তাঁরা আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন।