নারায়ণগঞ্জে ৩ হাজার ৪০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের ফতুল্লায় তিন হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, সোমবার (২২ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকার ফতুল্লা রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে একটি চারতলা ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম খান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায় এবং বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজনকে আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— ফতুল্লা উপজেলার খানপুর সরদারপাড়া এলাকার আফসার উদ্দিন ওরফে আক্কাস আলীর ছেলে আল আমিন (৩২), ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বাসিন্দা শামসুল ওরফে আবু তালেবের মেয়ে ফারজানা আক্তার মীম (২৫) এবং কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বাসিন্দা মো. সাজনের স্ত্রী শারমিন আক্তার (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, দাপা ইদ্রাকপুর এলাকার একটি চারতলা বাড়ির নিচতলার ভাড়াটিয়া সোনিয়া নামের এক ব্যক্তির ফ্ল্যাটে অভিযান চালিয়ে এক পুরুষ ও দুই নারীকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে তিন হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তারা ফতুল্লা ও আশপাশের এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক সরবরাহ করত বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান কালের কণ্ঠকে বলেন, “গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *