নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদ ঢালাই কাজ পরিদর্শনে ডিসি রায়হান কবির

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত ঐতিহ্যবাহী জেলা কালেক্টরেট মসজিদের পুনঃসংস্কার কাজের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দ্বিতীয় তলার ছাদের আরসিসি ঢালাই কাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে নেওয়া এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন মুসল্লিরা। শুক্রবার (১৫ মে ২০২৬) জুম্মার নামাজ শেষে সরেজমিনে সংস্কারকাজ পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

পরিদর্শনকালে জেলা প্রশাসক নির্মাণকাজের অগ্রগতি, ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান এবং কাজের গুণগত দিক খতিয়ে দেখেন। তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত ও টেকসইভাবে অবশিষ্ট কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বহু বছর আগে নির্মিত কালেক্টরেট মসজিদের দ্বিতীয় তলার একটি অংশ আরসিসি ঢালাই করা থাকলেও বাকি অংশ টিনশেড ছিল। দীর্ঘদিনের ব্যবহারে টিনগুলো মরিচা পড়ে ছিদ্র হয়ে যায়। ফলে সামান্য বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে পুরো দ্বিতীয় তলার ফ্লোর পানিতে ভেসে যেত। এতে জুম্মাসহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে শত শত মুসল্লিকে চরম দুর্ভোগ পোহাতে হতো।

বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত। মুসল্লিদের কেউ কেউ ছাতা মাথায় দিয়ে নামাজ আদায় করতেন, আবার অনেক সময় নামাজের কাতার পর্যন্ত ভেঙে দিতে হতো। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতির কারণে মসজিদ সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় মুসল্লি ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

এ অবস্থায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির উদ্যোগ নেন মসজিদটির পূর্ণাঙ্গ সংস্কারের। নারায়ণগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে শুরু হয় পুনঃসংস্কার কার্যক্রম। পুরোনো ও ঝুঁকিপূর্ণ টিন অপসারণ করে পুরো দ্বিতীয় তলা আরসিসি ঢালাইয়ের আওতায় আনা হয়, যাতে ভবিষ্যতে আর কোনো ধরনের পানি চুইয়ে পড়ার সমস্যা না থাকে।

এর আগে গত ১ মে শুক্রবার জুম্মার নামাজের পর আনুষ্ঠানিকভাবে মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম ও বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

পরবর্তীতে গত বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় তলার ছাদের আরসিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সিফাত উদ্দিন। সরকারি গুরুত্বপূর্ণ কাজে ঢাকায় অবস্থান করায় জেলা প্রশাসক উপস্থিত থাকতে না পারলেও তাঁর নির্দেশনায় কাজের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।

শুক্রবার জুম্মার নামাজ শেষে পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন,
“গতকাল সরকারি গুরুত্বপূর্ণ কাজে ঢাকায় থাকায় আমি ছাদ ঢালাই কাজের উদ্বোধনে উপস্থিত থাকতে পারিনি। এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কালেক্টরেট মসজিদে প্রতিদিন জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় অসংখ্য মুসল্লি নামাজ আদায় করেন। বৃষ্টির সময় তাদের কষ্ট ও দুর্ভোগ আমাদের ব্যথিত করেছিল। আল্লাহর ঘরের খেদমত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।”

তিনি আরও বলেন,
“আমি শুরু থেকেই সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলাম যেন দ্রুততম সময়ে সর্বোচ্চ মান বজায় রেখে কাজ সম্পন্ন করা হয়। আলহামদুলিল্লাহ, সেই নির্দেশনার ধারাবাহিকতায় ছাদ ঢালাইয়ের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ইনশাল্লাহ এখন মুসল্লিরা বৃষ্টির সময়ও নির্বিঘ্নে ও স্বস্তির সঙ্গে ইবাদত করতে পারবেন।”

মসজিদের অবশিষ্ট কাজ সম্পর্কেও আশাবাদ ব্যক্ত করে জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসন জনগণের ধর্মীয় ও সামাজিক প্রয়োজন পূরণে সবসময় আন্তরিক। খুব দ্রুতই বাকি সংস্কারকাজ শেষ করে পুরো মসজিদকে আধুনিক ও পূর্ণাঙ্গভাবে ব্যবহার উপযোগী করা হবে।

মুসল্লিরা জেলা প্রশাসনের এ উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। স্থানীয় কয়েকজন মুসল্লি জানান, দীর্ঘদিন ধরে মসজিদে বৃষ্টির সময় নামাজ আদায়ে ভোগান্তি ছিল নিত্যদিনের ঘটনা। এখন স্থায়ী সমাধান হওয়ায় তারা স্বস্তি অনুভব করছেন এবং জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আলীনুর খান, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, এনডিসি মোহাম্মদ শাহরিয়ার পারভেজসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও স্থানীয় মুরুব্বী, মসজিদের ইমাম, মুতাওয়াল্লি ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, সংস্কার কাজ সম্পন্ন হলে জেলা কালেক্টরেট মসজিদ শুধু একটি উপাসনালয় হিসেবেই নয়, বরং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের একটি দৃষ্টিনন্দন ও আধুনিক ধর্মীয় স্থাপনা হিসেবে নতুন পরিচিতি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *