সূর্য আহমেদ মিঠুন:
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কর্মদক্ষতা, অপরাধ দমন, ক্লু-লেস মামলা শনাক্তকরণ, অস্ত্র উদ্ধার ও ডাকাত গ্রেপ্তারে বিশেষ অবদান রাখায় একাধিক পুলিশ কর্মকর্তা ও সদস্যকে পুরস্কৃত করা হয়।
রোববার (২৫ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পরে সেপ্টেম্বর ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি, তদন্ত কার্যক্রম ও অপরাধ পরিস্থিতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় শুরু হওয়া কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও সদস্যরা তাঁদের সামষ্টিক সমস্যা, কর্মক্ষেত্রের প্রতিবন্ধকতা এবং কল্যাণসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার তাঁদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভায় জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন ফতুল্লা থানার এএসআই মো. আব্দুল হামিদ খান। শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কার পান রূপগঞ্জ থানার এসআই রৌশন আলী। শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচিত হন ট্রাফিক শাখার সার্জেন্ট শফিউল আজম শোভন। এ ছাড়া শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে পুরস্কৃত হন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো. মফিজুল ইসলাম।
ক্লু-লেস মামলা শনাক্তকরণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পুরস্কার পান বন্দর থানার এসআই মিকাইল হোসেন, ফতুল্লা মডেল থানার এসআই পলাশ বাইন এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক।
বিশেষ পুরস্কার পেয়েছেন বন্দর থানার ওসি মো. জামাল উদ্দিন। অস্ত্র উদ্ধার ও ডাকাত গ্রেপ্তারে অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হন রূপগঞ্জ থানার ওসি এ. এইচ. এম. সালাউদ্দিন।
বিশেষ পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আরও রয়েছেন জেলা বিশেষ শাখার (ডিএসবি) এসআই মোহাম্মদ শরীফ হোসেন, এসআই মো. জামাল উদ্দিন এবং ওয়াচার কনস্টেবল মাহবুব আফ্রাদ, হুমায়ুন কবির ও মো. ইসমাইল খান।
পরে দুপুর ১২টায় সেপ্টেম্বর ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মাসব্যাপী বিভিন্ন মামলার অগ্রগতি, তদন্ত কার্যক্রম ও সংশ্লিষ্ট প্রতিবেদন উপস্থাপন করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), নৌ-পুলিশ ও হাইওয়ে পুলিশের পুলিশ পরিদর্শকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, অপরাধ দমন এবং মামলার তদন্ত কার্যক্রমের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিভিন্ন মামলার অগ্রগতি পর্যালোচনা এবং কর্মক্ষেত্রে দক্ষতা ও পেশাদারত্বের স্বীকৃতির মাধ্যমে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে উৎসাহিত করার বিষয়েও আলোচনা হয়।
সংশ্লিষ্টদের মতে, নিয়মিত কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভার মাধ্যমে পুলিশ সদস্যদের সমস্যা চিহ্নিত করার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, তদন্তের অগ্রগতি মূল্যায়ন এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যক্রম আরও গতিশীল করার সুযোগ তৈরি হয়।