কুমিল্লা থেকে ফেরার পথে সোনারগাঁয়ে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানী

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় ডাকাতের কবলে পড়েছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে কুমিল্লা থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। তবে তাঁর কাছ থেকে কোনো কিছু খোয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

ফেসবুক লাইভে এসে রফিকুল ইসলাম মাদানী জানান, সড়কের ওপর বড় বড় পাথর ফেলে গাড়ির গতিরোধ করে ডাকাতি করছিল দুর্বৃত্তরা। তাঁদের হাতে রামদা ছিল বলেও উল্লেখ করেন তিনি। পরিস্থিতি বুঝতে পেরে তাঁর গাড়িচালক গাড়িটি ঘুরিয়ে নেওয়ায় তাঁরা রক্ষা পান।

জানা গেছে, ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে পাকুন্ডা এলাকায় ডাকাতদের কবলে পড়েন মাদানী। এ সময় তিনি ফেসবুক লাইভে এসে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সহায়তা চান।

লাইভে তিনি আরও জানান, তাঁর গাড়ি ডাকাতদের ফেলে রাখা পাথর থেকে কিছুটা দূরে থাকায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়। এ সময় অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে ডাকাতেরা পালিয়ে যায় বলে তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *