নিখোঁজের দুই দিন পর পুকুরপাড়ের ঝোপে মিলল ৮ বছরের মিমের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর মিম (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিদ্যাকুট বড়বাড়ি এলাকার একটি পুকুরপাড়ের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিম উপজেলার বিদ্যাকুট বড়বাড়ি এলাকার মিজান মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিম গত দুই দিন ধরে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে সোমবার বিকেলে বিদ্যাকুট বড়বাড়ির পুকুরপাড়ের ঝোপঝাড়ে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিমকে খুঁজে না পেয়ে দুই দিন আগে তার নানা ফিরুজ মিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। পরে সোমবার বিকেলে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও তদন্তের পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *