নোয়াখালীতে মার্শাল আর্ট এসোসিয়েশনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

মোঃ আরিফুল ইসলাম শাহীন:

নোয়াখালী জেলা মার্শাল আর্ট এসোসিয়েশনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে ২০২৬) বিকাল ৩টায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা বিএনপি’র আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর অনুমতিক্রমে সংগঠনের সহ-সভাপতি তপন মাহমুদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক, জাতীয় ও আন্তর্জাতিক কোচ ও রেফারি আশরাফুল আলম সুমন।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ ও স্কিল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক মোঃ গিয়াস উদ্দিন মিঠু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মিলন উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেজর মন্নান কলেজের অধ্যাপক আবদুল মালেক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম রাজু। এছাড়াও কার্যকরী সদস্য কবিরহাট প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক জহিরসহ মোঃ আবুল বাসার, সাহিদা আক্তার, আবুল কালাম আজাদ, জিয়া উদ্দিন ও রিয়াজুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় নোয়াখালী সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক ফখরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে মার্শাল আর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও সক্রিয় করার লক্ষ্যে বিভিন্ন বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বক্তারা শিক্ষা কারিকুলামে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা এবং ক্রীড়াকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও ক্রীড়া মন্ত্রী মোঃ আমিনুল হকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি খেলোয়াড়দের বেতন ও ক্রীড়াভাতা কাঠামোর আওতায় আনা, ক্রীড়া কার্ড প্রদান এবং “নতুন কুঁড়ি স্পোর্টস”-এ মার্শাল আর্ট অন্তর্ভুক্ত করার উদ্যোগকে স্বাগত জানানো হয়।

সভায় আরও জানানো হয়, জেলার তৃণমূল পর্যায়ে মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, নতুন খেলোয়াড় তৈরি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত করতে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *