পটিয়ায় ট্রাকের ত্রিপল কেটে চুরির প্রস্তুতিকালে আটক ১

কামরুল ইসলাম:

চট্টগ্রামের পটিয়া ক্রসিং এলাকায় মালবোঝাই ট্রাকের ত্রিপল কেটে চুরির প্রস্তুতিকালে এক ব্যক্তিকে আটক করেছে পটিয়া হাইওয়ে থানা পুলিশ। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়।

আটক ব্যক্তি হলেন রাসেল মিয়া (৩২)। তিনি পটিয়া উপজেলার বারিগ্রাম এলাকার জিন্না মিয়ার ছেলে।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সোমবার (২৯ জুন ২০২৬) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে চট্টগ্রাম জেলার পটিয়া হাইওয়ে থানার অধীন মনসা বাদামতল এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় একটি অন-টেস্ট সিএনজিচালিত অটোরিকশাসহ রাসেল মিয়াকে আটক করা হয়।

পুলিশের দাবি, রাসেল মিয়া তার আরও দুই সহযোগীকে নিয়ে কক্সবাজারগামী মালবোঝাই ট্রাক (নং: ঢাকা মেট্রো-ট ২০-৯৬৩৮)-এর ত্রিপল কেটে মালামাল চুরির চেষ্টা করছিলেন। এ সময় টহলরত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রাসেলকে আটক করতে সক্ষম হয়। তবে তার অপর দুই সহযোগী দৌড়ে পালিয়ে যায়।

ওসি আরও জানান, আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত আলামতসহ পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *