স্বাধীন বিনোদন ডেস্ক:
ছোট পর্দার আলোচিত জুটি আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল সম্প্রতি রাফসান সাবাবের জনপ্রিয় শো ‘হোয়াট আ শো’-তে অংশ নিয়ে নিজেদের ব্যক্তিগত জীবন, কাজ এবং পর্দার chemistry নিয়ে খোলাখুলি আলাপ করেছেন। তাদের কথোপকথন ও আড্ডায় উঠে এসেছে কাজের সময়নিষ্ঠতা, নাটকের শুটিংয়ের মজার ঘটনা এবং একে অপরের প্রতি তাদের ধারণা।
শো’তে একটি ভিডিও দেখানো হয়, যেখানে দেখা যায় আরশ খান গাছে উঠে বসে আছেন, আর নিচে সুনেরাহসহ অন্যান্য কলাকুশলীরা দাঁড়িয়ে আছেন। ভিডিওর প্রেক্ষাপটে সঞ্চালক রাফসানের প্রশ্নের জবাবে সুনেরাহ হাসিমুখে জানান, এটি আসলে আরশের জন্য একটি ছোটখাটো শাস্তি। তিনি বলেন, “আমি কাজের ক্ষেত্রে ভীষণ সময়নিষ্ঠ। আমার সেটে নায়কদের আগেই পৌঁছাতে হয়। আরশকে আগেই সতর্ক করেছিলাম, তাও সে পাঁচ মিনিট দেরি করে এসেছিল। তাই ওকে শাস্তি হিসেবে গাছে উঠিয়ে দিয়েছিলাম।”
পাশে থাকা আরশ খান তখন রসিকতায় বলেন, “আসলে আমি তো নিজেকে নায়ক ভাবি না, অভিনেতা মনে করি।” এই মন্তব্যে শো’তে হাসির পরিবেশ তৈরি হয়।
সুনেরাহ আরও জানান, আরশের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা খুবই ইতিবাচক। শুরুতে তিনি আরশকে যতটা হালকাভাবে নিয়েছিলেন, বাস্তবে তিনি কাজের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। “আমি এত ভালো কিছু আশা করিনি। কাজ শুরুর আগে ভেবেছিলাম, নাটকই তো করে! কিন্তু সেটে গিয়ে দেখলাম সে কাজের ব্যাপারে দারুণ সিরিয়াস। সবকিছু গুছিয়ে কাজ করে, ফোন নিয়ে পড়ে থাকে না এবং নিয়মিত রিহার্সাল করে।”
তিনি আরও যোগ করেন, “শুরুর কয়েকটা কাজে সে বেশ ভদ্র ছিল, এখনো কাজের ব্যাপারে সিরিয়াস থাকলেও এখন অনেক দুষ্টুমি করে।” আরশ ও সুনেরাহর এই পারস্পরিক সমঝোতা ও বন্ধুত্ব তাদের পর্দার রসায়নকে দর্শকের কাছে আরও প্রিয় করে তুলেছে।
নাটকপ্রেমীরা আশা করছেন, আগামীতে এই জুটির আরও দর্শকপ্রিয় কাজ দেখা যাবে, যেখানে শুধু অভিনয় নয়, তাদের স্বতঃস্ফূর্ত বন্ধুত্ব এবং মজার মুহূর্তও পর্দায় ফুটে উঠবে।