স্টাফ রিপোর্টার:
আজ শনিবার চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজনে ১ম কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি সুদৃঢ় করা এবং পুলিশ ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে স্থানীয় সাধারণ জনগণের অংশগ্রহণে গঠিত মোট ১৪টি দল অংশগ্রহণ করে। ফাইনালে হাটহাজারী থানা ও বাঁশখালী থানা নামে অংশগ্রহণকারী দুটি দল মুখোমুখি হয়।
শুরু থেকেই উভয় দল দুর্দান্ত ক্রীড়াশৈলী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব প্রদর্শন করে। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় বাঁশখালী থানা ৩৯ পয়েন্ট এবং হাটহাজারী থানা ২৯ পয়েন্ট অর্জন করে। ফলে ১০ পয়েন্টের ব্যবধানে হাটহাজারী থানাকে পরাজিত করে বাঁশখালী থানা চ্যাম্পিয়ন হয়।