নতুন পে স্কেলে পেনশন বাড়ছে, জেনে নিন নতুন হারের তালিকা

অনলাইন ডেস্ক:

নতুন পে স্কেলে অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের নিট পেনশন বাড়ানোর হার নির্ধারণ করা হয়েছে। তবে পেনশন ও গ্রাচুইটির বিদ্যমান হার অপরিবর্তিত থাকবে।

নতুন ব্যবস্থায় ৩০ জুন ২০২৬-এর নিট পেনশনের ওপর ভিত্তি করে ১ জুলাই থেকে নতুন নিট পেনশন নির্ধারণ করা হবে। নিট পেনশনের পরিমাণ অনুযায়ী বিভিন্ন হারে এই বৃদ্ধি কার্যকর হবে।

৯ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে ১০০ শতাংশ। ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনে ৭৫ শতাংশ, ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশনের ক্ষেত্রে বৃদ্ধির হার ৫৫ শতাংশ।

নতুন পেনশনের সর্বনিম্ন ও সর্বোচ্চ হার

নতুন ব্যবস্থায় সর্বনিম্ন নিট পেনশন নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। আর সর্বোচ্চ নিট পেনশন হবে ৭০ হাজার ২০০ টাকা।

তবে কোনো অবসরভোগী ইতিমধ্যে ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন পেয়ে থাকলে তিনি ২০২৭ সালের ১ জুলাইয়ের পরবর্তী বার্ষিক বেতনবৃদ্ধির আগ পর্যন্ত আগের অঙ্কেই পেনশন পাবেন।

অবসর-উত্তর ছুটির সুবিধা বহাল

নতুন ব্যবস্থায় অবসর-উত্তর ছুটির ক্ষেত্রেও বিদ্যমান সুবিধা বহাল রাখা হয়েছে। এর আওতায় ১২ মাস পূর্ণ গড় বেতনে ছুটি এবং ১৮ মাস ছুটি নগদায়নের সুবিধা থাকবে।

অর্থাৎ নতুন পে স্কেলে অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের নিট পেনশনে নির্ধারিত হারে বৃদ্ধি করা হলেও পেনশন ও গ্রাচুইটির মূল বিদ্যমান হার অপরিবর্তিত থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *