প্রতিবন্ধকতাকে জয় করে উচ্চশিক্ষার পথে জাবিদ ইকবাল

চকরিয়া প্রতিনিধি:

কথা বলতে পারেন না, শুনতেও পারেন না। কিন্তু অদম্য ইচ্ছাশক্তি, অধ্যবসায় এবং শিক্ষার প্রতি প্রবল আগ্রহ দিয়ে নিজের স্বপ্নের পথে এগিয়ে চলেছেন কক্সবাজারের এক মেধাবী তরুণ জাবিদ ইকবাল মোহাম্মদ মাসুম।

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা এলাকার বাসিন্দা জাবিদ ইকবাল রাহেলা বেগম ও মাদ্রাসাশিক্ষক মো. ছালেহ আহমদের সন্তান। জন্ম থেকেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী হলেও তিনি কখনো নিজের সীমাবদ্ধতাকে বাধা হতে দেননি। লেখার মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করে তিনি শিক্ষা ও জীবনের প্রতিটি ধাপে এগিয়ে চলেছেন।

বর্তমানে তিনি ঢাকার শ্যামলী আইডিয়াল কলেজে বিএসসি (অনার্স) ৪ বছর মেয়াদি কোর্সের তৃতীয় বর্ষে (শিক্ষাবর্ষ ২০২৩–২০২৭, সেশন ২০২২–২০২৩) এএমটি-কেএমটি (Manufacturing Technology) বিষয়ে অধ্যয়ন করছেন।

জাবিদের শিক্ষাজীবন শুরু হয় চট্টগ্রামের সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ে। পরে তিনি ঢাকার সরকারি বধির উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালে এসএসসি এবং শ্যামলী আইডিয়াল কলেজ থেকে ২০২২ সালে এইচএসসি সম্পন্ন করেন। বর্তমানে উচ্চশিক্ষার পাশাপাশি নিজের পড়াশোনার খরচ চালাতে কক্সবাজার শহরের একটি ফাস্টফুডের দোকানে কাজ করছেন।

জাবিদ লেখার মাধ্যমে জানান, তিনি এমন একটি কক্সবাজার দেখতে চান, যেখানে সবাই নিরাপদে বসবাস করবে এবং প্রতিবন্ধী ব্যক্তিরাও সমান সুযোগ-সুবিধা পাবেন। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য শিক্ষা, কর্মসংস্থান ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

জাবিদ ইকবাল মোহাম্মদ মাসুম প্রমাণ করেছেন, শারীরিক প্রতিবন্ধকতা কখনোই মেধা, ইচ্ছাশক্তি ও স্বপ্নকে থামিয়ে রাখতে পারে না। তাঁর সংগ্রাম ও সাফল্য সমাজের অসংখ্য তরুণের জন্য অনুপ্রেরণার উৎস।

অদম্য এই তরুণের জন্য শুভকামনা—তিনি যেন উচ্চশিক্ষা সম্পন্ন করে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *