প্রথমবার পর্দায় তৌসিফ-শার্লিন, আসছে সাসপেন্স-থ্রিলার

অনলাইন ডেস্ক:

অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় নিজেদের আলাদা অবস্থান তৈরি করেছেন তৌসিফ মাহবুব ও শার্লিন ফারজানা। দীর্ঘ ক্যারিয়ারে দুজনকে কখনো একসঙ্গে পর্দায় দেখা যায়নি। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। প্রথমবারের মতো ওয়েব ফিল্মে জুটি বাঁধছেন এই দুই অভিনয়শিল্পী।

নাম চূড়ান্ত না হওয়া নতুন এই ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন ভিকি জাহেদ। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ভিকি জাহেদের নির্মাণের চেনা ধাঁচে সাসপেন্স-থ্রিলার গল্পে তৈরি হবে ওয়েব ফিল্মটি।

প্রথমবার তৌসিফ ও শার্লিনের জুটি দর্শকদের সামনে কেমন রসায়ন নিয়ে হাজির হয়, তা নিয়ে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

বর্তমানে নিজের সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ভিকি জাহেদ। সেই কাজ শেষ করেই নতুন ওয়েব ফিল্মটির শুটিং শুরু করবেন তিনি। এরপর একই অভিনেতাকে নিয়ে শুরু করবেন ‘চক্র ৩’-এর কাজ। সিনেমাটি আগামী ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।

জানা গেছে, সবকিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে পারে তৌসিফ-শার্লিন অভিনীত নাম চূড়ান্ত না হওয়া ওয়েব ফিল্মটি।

এদিকে তৌসিফ মাহবুব বর্তমানে ব্যস্ত রয়েছেন জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর শুটিং নিয়ে। এরই মধ্যে শেষ করেছেন নতুন একটি নাটকের কাজ। রাখির পরিচালনায় নাটকটিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন কেয়া পায়েল। এ ছাড়া এই জুটি সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনের শুটিংও শেষ করেছেন বলে জানা গেছে।

অন্যদিকে, অভিনয়ে বিরতি কাটিয়ে ফিরেই ব্যস্ত হয়ে উঠেছেন শার্লিন ফারজানা। জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে ‘নীলপরী’ নাটকের মাধ্যমে ফিরছেন তিনি। এরই মধ্যে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘সেপারেশন’ সিনেমাতেও যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *