ফতুল্লায় অভিযান: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি পরিচালনা করেন ফতুল্লা মডেল থানার এসআই (নিঃ) আশীষ কুমার দাসের নেতৃত্বে গঠিত একটি চৌকস আভিযানিক দল। গত ০৩ মে ফতুল্লা মডেল থানা এলাকার পাগলা এলাকায় অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো—

১। মোঃ হিরা ব্যাপারী (২০), পিতা– আবুল ব্যাপারী, মাতা– নুর জাহান বেগম। স্থায়ী ঠিকানা: বাগীশের পাড়া, থানা– গৌরনদী, জেলা– বরিশাল। বর্তমানে তিনি ফতুল্লার পাগলা ইসলামিয়া বাজার/বউ বাজার এলাকায় কবির মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

২। মোঃ সোহাগ মিয়া (১৯), পিতা– মোঃ আতিয়ার হোসেন, মাতা– পারভীন বেগম। স্থায়ী ঠিকানা: জাজিরা বাজার এলাকা, থানা– জাজিরা, জেলা– শরীয়তপুর। তিনি বর্তমানে ফতুল্লার পাগলা বউ বাজার এলাকায় অবস্থান করছিলেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে পূর্বে আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ডের রায় রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের অবস্থান শনাক্ত করা হয় এবং পরে সফলভাবে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ আরও জানায়, অপরাধ দমন ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *