অনলাইন ডেস্ক:
বাবার স্বপ্ন পূরণে ২০১৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দিয়েছিলেন আনোয়ার মোল্লা (৩৩)। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছেন তিনি। রোববার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরের হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে এ হত্যাকাণ্ডের শিকার হন তিনি। এ সময় তাঁর সঙ্গে থাকা এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হন।
নিহত আনোয়ার মোল্লা ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্ত খন্দ এলাকার জত্তন মোল্লার ছেলে। তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তাঁর বাবার স্বপ্ন ছিল, ছোট ছেলে পুলিশে চাকরি করবে। সেই স্বপ্ন পূরণেই ২০১৮ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন আনোয়ার। তাঁর সংসারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
সোমবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে আনোয়ারের মরদেহের ময়নাতদন্ত করা হয়। সেখানে উপস্থিত ছিলেন তাঁর স্বজনেরা। নিহতের বড় ভাই শাহাবুদ্দিন মোল্লা জানান, রোববার রাত একটার দিকে নবাবগঞ্জ থানা-পুলিশ মুঠোফোনে তাঁদের আনোয়ারের মৃত্যুর খবর জানায়। পরে নারায়ণগঞ্জ জেলা পুলিশও বিষয়টি নিশ্চিত করে।
শাহাবুদ্দিন বলেন, প্রথমে তাঁরা বিশ্বাস করতে পারেননি যে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে। তিন ভাই ও দুই বোনের মধ্যে আনোয়ার ছিলেন সবার ছোট। পরিবারের সবার আদরের ছিলেন তিনি। কারও সঙ্গে খারাপ ব্যবহার করতেন না, ঝগড়া-বিবাদেও জড়াতেন না। ভাইয়ের মৃত্যুতে তাঁদের সব স্বপ্ন ভেঙে গেছে বলে কান্নাজড়িত কণ্ঠে জানান তিনি।
আনোয়ারের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম। তিনি জানান, আনোয়ারের বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতে গভীর ক্ষত ও ছিদ্র রয়েছে। ঘাড়ের বাঁ পাশে চাপাতির কোপের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া নাক ও মুখেও আঘাতের চিহ্ন রয়েছে।
শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির কনস্টেবল শামীম হোসেন জানান, অভিযানের অংশ হিসেবে রোববার রাতে তথ্য সংগ্রহ করতে ওই এলাকায় গিয়েছিলেন আনোয়ার। এ সময় দুর্বৃত্তরা তাঁকে চিনে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। তাঁর সঙ্গে থাকা এএসআই আব্দুল সাত্তার পালিয়ে প্রাণে রক্ষা পান।
নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের একাধিক কর্মকর্তা জানান, কাশীপুরের হাশেমবাগ এলাকায় ডেভিড ও কামাল গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কিশোর গ্যাংয়ের বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁদের ভাষ্য, এসব অপরাধে জড়িত ব্যক্তিরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে চলাফেরা করেন। শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির দুই সদস্য ওই এলাকায় তথ্য সংগ্রহ করতে গেলে তাঁদের ওপর হামলা করা হয়। থানা এলাকার সীমানা চিহ্নিত না থাকায় অপরাধীরা সেই সুযোগ নিয়েছে বলেও কর্মকর্তাদের কেউ কেউ মনে করছেন।
মামলা হয়নি, গ্রেপ্তার নেই
সোমবার দুপুর পর্যন্ত আনোয়ার মোল্লা হত্যার ঘটনায় কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ। তবে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল সাত্তারকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আনোয়ারের মরদেহ নারায়ণগঞ্জ পুলিশ লাইনে জানাজা শেষে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হবে।