ফরিদগঞ্জে বিএনপির জনসভায় এক স্বতন্ত্র প্রার্থীর উদ্দেশ্যে, আব্দুল জলিলের ব্যাংকের পার্টনার অবশেষে তার আসল রূপে ফিরেছে: হাবিব-উন-নবী খান সোহেল

মোঃ মনির হোসেন:

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রকৃত আদর্শের বিশ্বাসীরা কখনো কোনো লোভ-লালসায় মাথা নত করতে পারে না। বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যার নেতাকর্মীরা গত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার অত্যাচার-নির্যাতন, কারাভোগ, গুম-খুনের পরেও বীরত্ব ও সাহসিকতায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং থাকবে। ইনশাআল্লাহ, কোনো অপশক্তি শহীদ জিয়ার গড়া রাজনৈতিক দল বিএনপিকে বাংলার মাটি থেকে এক চুলও সরাতে পারবে না।

তারুণ্যের অহংকার তারেক জিয়ার আগামীর বাংলাদেশ হবে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার মতো এক অবিস্মরণীয় বাংলাদেশ। সুতরাং আপনারা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হোন। আপনারা মনে রাখবেন, দলের বাইরে গিয়ে এমপি-মন্ত্রী, এমনকি প্রেসিডেন্টও পরাজিত হয়েছে—এমন ইতিহাসও রয়েছে। মানুষ টাকার কাছে বিক্রি হয় না, আদর্শের কাছে, নীতির কাছে বিক্রি হয়। দুধের স্বাদ ঘোলে মিটবে না। আব্দুল জলিলের ব্যাংকের পার্টনার অবশেষে তার আসল রূপে ফিরেছে।

তিনি আরও বলেন, মনে রাখবেন—ধানের শীষের বিরোধিতা যারা করে, তারা কখনো বিএনপির লোক হতে পারে না। তাই ১২ ফেব্রুয়ারি বিএনপির মার্কা একটাই—ধানের শীষ। আপনারা আওয়াজ তুলুন, ভোট দেবেন কিসে? ধানের শীষে। আমি তারেক রহমানের পক্ষে আবারও ধানের শীষ লায়ন হারুনুর রশিদের হাতে তুলে দিচ্ছি। এবার এর মান রাখার দায়িত্ব আপনাদের।

সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন হারুনুর রশিদের সমর্থনে ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় হাবিব-উন-নবী খান সোহেল আরও বলেন, এ দেশের সৌরশক্তি তারেক রহমান। তিনি প্রধানমন্ত্রী হলে ফরিদগঞ্জের উন্নয়নের আলো ছড়াবে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন হারুনুর রশিদের মাধ্যমে। ধানের শীষে ভোট দিন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শরিক হোন। সম্মানিত উপস্থিত সবাইকে অনুরোধ করছি—কোনো বিভ্রান্তিতে পা রাখবেন না। আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমন তারেক রহমান, তেমনি এই সংসদীয় আসনের এমপি হবেন লায়ন হারুনুর রশিদ।

জনসভায় জেলা বিএনপির সহসভাপতি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের ধানের শীষের নির্বাচনী সমন্বয়কারী শরীফ মোঃ ইউনুছের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী লায়ন মোঃ হারুনুর রশিদ।

যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটোয়ারী ও যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন—বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি রাশেদা বেগম হীরা, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ ফরিদ হোসাইন, দলের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এম জেড আই জহির, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ শাহ, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রাকিব, ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি লায়ন আল আমিন, চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট দুলাল মিয়া পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, মজিবুর রহমান দুলাল, জেলা বিএনপি নেতা শুক্কুর পাটোয়ারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *