মোঃআনজার শাহ
‘ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬’ সফলভাবে সম্প্রচারের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গতকাল(২৬ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে একটি ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
অনুষ্ঠানে বিশেষ উপস্থিতিতে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। উপস্থিত অতিথিরা বিশ্বকাপের মতো আন্তর্জাতিক ক্রীড়া আসর সফলভাবে দেশবাসীর কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তা, সংস্থা ও অংশীজনদের সমন্বিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
বক্তারা বলেন, ‘ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬’-এর সফল সম্প্রচার শুধু একটি ক্রীড়া আয়োজনের প্রচার নয়, বরং দেশের সম্প্রচার সক্ষমতা, প্রযুক্তিগত দক্ষতা এবং আন্তঃসংস্থাগত সমন্বয়েরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তারা এ ধরনের বৃহৎ আন্তর্জাতিক আয়োজন ভবিষ্যতেও সুষ্ঠুভাবে দেশবাসীর কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে ধারাবাহিক সহযোগিতা ও কার্যকর সমন্বয় অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সম্প্রচার কার্যক্রমে যুক্ত সকলের শ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বড় বড় আন্তর্জাতিক ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন সফলভাবে উপস্থাপনের মাধ্যমে দেশের গণমাধ্যম ও সম্প্রচার খাত আরও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানটি সার্বিকভাবে সফল ও অর্থবহ আয়োজন হিসেবে বিবেচিত হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্যোগ দেশের সম্প্রচার ক্ষেত্রে নতুন অনুপ্রেরণা যোগাবে এবং আন্তর্জাতিক মানের অনুষ্ঠান উপস্থাপনায় বাংলাদেশের সক্ষমতাকে আরও সুদৃঢ় করবে।