আন্তর্জাতিক ডেস্ক:
ফ্রান্সে চলমান বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যর্থতার পর স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজের পদত্যাগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে নুনেজকে স্বপদে বহাল থাকতে বলেছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সে চলমান সংকট আরও ঘনীভূত হওয়ার পেছনে পূর্বাভাস ও গোয়েন্দা তথ্যের ক্ষেত্রে ব্যর্থতা ভূমিকা রেখে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এলিসি প্যালেস জানিয়েছে, সংকট মোকাবিলায় নিরাপত্তা বাহিনীর জন্য নতুন কর্মপদ্ধতি নির্ধারণ করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন ম্যাক্রোঁ। একই সঙ্গে লুটপাটকারীদের মোকাবিলায় দ্রুত নতুন কৌশল প্রণয়নের কথাও বলেছেন তিনি।
সাম্প্রতিক বছরগুলোর মধ্যে শনিবার ছিল ফ্রান্সে সবচেয়ে সহিংস দিনগুলোর একটি। ওই দিন দেশটির বিভিন্ন শহরে সরকারি ভবনে আগুন দেওয়া হয়, শত শত দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় অন্তত ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার এক টেলিভিশন সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ স্বীকার করেন, বিক্ষোভ চলাকালে কয়েকটি শহরে পুলিশ ‘নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল’।