শিবগঞ্জ, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ২ জনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার (১৮ মে) সকাল ৮টার দিকে বগুড়ার মোকামতলা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন— জামিল হোসেনের পুত্র ইয়াছিন আলী (৩৫) ও তোফাজ্জল হোসেনের পুত্র সুমন (৩০)। তারা স্থানীয় এলাকার বাসিন্দা এবং আপন চাচাতো ভাই বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বসতভিটা জমির সীমানা নিয়ে স্থানীয় দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে আইনি ও সামাজিক বিরোধ চলছিল। আজ সকালে ওই জমিতে রেজাউল বিল্ডিং নির্মাণের কাজ করছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জব্বার মুনসির পুত্র রেজাউল ও তার পুত্র রাহাত (২৬) ও রাব্বি হোসেন (২৫) পূর্বপরিকল্পিতভাবে ইয়াছিন ও সুমনের ওপর ঝাঁপিয়ে পড়ে।
সংঘর্ষের একপর্যায়ে রেজাউল ও তার দুই পুত্র ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এসময় ইয়াছিন গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয়রা সুমনকে উদ্ধার করে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হৃদয় নামের এক যুবক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এখনো কোনো মামলা দায়ের করা হয়নি, তবে প্রক্রিয়া চলছে।”