বিনোদন ডেস্ক:
‘দুষ্টু কোকিল’ গানের জনপ্রিয় জুটি দিলশাদ নাহার কনা ও আকাশ সেন আবারও একসঙ্গে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। তাঁদের কণ্ঠ ও সুরের সমন্বয়ে আসছে ‘ভালোবাসা যদি ভুল হয়’ শিরোনামের গানটি। জাহিদ জুয়েল পরিচালিত ‘জানোয়ার’ সিনেমায় ব্যবহৃত হবে গানটি।
রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানটি প্রকাশের পর ব্যাপক জনপ্রিয়তা পায়। গানটির ইউটিউব ভিউ ইতোমধ্যে ৪৬ কোটির বেশি ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী আকাশ সেনের সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন দিলশাদ নাহার কনা। গানটির সাফল্যের পরও একাধিক গানে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। এবার নতুন সিনেমার গানেও তাঁদের একসঙ্গে পাওয়া যাবে।
‘ভালোবাসা যদি ভুল হয়’ গানটির কথা লিখেছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। গানটির সুর করেছেন আকাশ সেন এবং সংগীতায়োজন করেছেন সজীব দাস। এতে কণ্ঠ দিয়েছেন কনা। গানটির দৃশ্যায়নে অভিনয় করবেন নবাগত অভিনয়শিল্পী সাজ ও আবান্তিকা।
আবদুল আজিজ জানিয়েছেন, নতুন বছরের জানুয়ারিতে গানটি ইউটিউবে প্রকাশের পরিকল্পনা রয়েছে। সম্প্রতি ‘জানোয়ার’ সিনেমার একটি পোস্টার প্রকাশের মাধ্যমে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। পোস্টার প্রকাশের পর এবার সিনেমাটির গান নিয়েও দর্শকদের সামনে নতুন তথ্য এলো।
সিনেমাটির নির্মাণ পরিকল্পনা সম্পর্কে আবদুল আজিজ জানিয়েছেন, ‘জানোয়ার’-এর বড় একটি অংশজুড়ে থাকবে রাস্তার কুকুর। এ কারণে ২০২১ সালে শুটিংয়ের পরিকল্পনা করা হলেও নানা প্রতিবন্ধকতায় কাজ শুরু করতে দেরি হয়েছে। পাশাপাশি সিনেমার জন্য নতুন অভিনয়শিল্পী খুঁজে বের করতেও সময় লেগেছে।
চারজন নবাগতসহ মোট ১৫০ জন অভিনয়শিল্পী নিয়ে নির্মিত হচ্ছে ‘জানোয়ার’। এতে অভিনয় করছেন আলিশা, নাদের চৌধুরী, শিবা সানু, জয়, নাজমুল, শুভ্র মেরাজ, রাকা পপি ও শাহ আলম সরকারসহ অনেকে। সিনেমাটির মূল ভাবনা শাহ আলম সরকারের। কাহিনি ও সংলাপ যৌথভাবে লিখেছেন শাহ আলম সরকার ও আবদুল আজিজ।
তবে সিনেমাটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করেননি নির্মাতারা। নতুন গান এবং সিনেমার গল্পের বিষয়বস্তু নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।