বরুড়ায় পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ আনজার শাহ:

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার লক্ষ্যে কুমিল্লার বরুড়া উপজেলায় পোলিং এজেন্টদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় বরুড়া পৌরসভার তলাগ্রাম পাটোয়ারী রাইস মিল মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে কুমিল্লা-৮ বরুড়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাকারিয়া তাহের সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম।

এ সময় বরুড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কল্লোল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ পরিচালনা করেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এবং রাজবাড়ী ও সিলেটের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ জামাল হোসেন মজুমদার। তিনি পোলিং এজেন্টদের দায়িত্ব-কর্তব্য, নির্বাচনী আইন-কানুন এবং ভোট কেন্দ্রে করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

প্রশিক্ষণ কর্মশালায় বরুড়া উপজেলার ১০৭টি ভোট কেন্দ্রের কেন্দ্র ও ভোট কক্ষের দায়িত্বপ্রাপ্ত বিএনপি মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমনের পোলিং এজেন্টরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় পোলিং এজেন্টদের ভোটারদের সঠিক পরিচয় যাচাই, ভোট প্রদান প্রক্রিয়া পর্যবেক্ষণ, ব্যালট পেপারের সংরক্ষণ, ভোট গণনা প্রক্রিয়া তদারকি এবং যেকোনো অনিয়ম সম্পর্কে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রার্থী জাকারিয়া তাহের সুমন তার বক্তব্যে পোলিং এজেন্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচনে আমাদের প্রতিনিধিরা যেন সতর্ক ও সচেতন থাকেন এবং প্রতিটি ভোট যথাযথভাবে গণনা হয় তা নিশ্চিত করেন। আপনাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি বিশ্বাস করি আপনারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।”

বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম বলেন, “এই প্রশিক্ষণ পোলিং এজেন্টদের দক্ষতা বৃদ্ধি করবে এবং নির্বাচনে তাদের ভূমিকা আরও কার্যকর হবে।”

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *