মোহাম্মদ হোসেন হ্যাপী:
সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বিচার বিভাগ, আইন বিভাগ ও নির্বাহী বিভাগের পাশাপাশি আধুনিক রাষ্ট্রব্যবস্থায় সংবাদমাধ্যম সমাজ ও রাষ্ট্রের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতাই গণতন্ত্রকে শক্তিশালী করে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মো. সিদ্দিকুর রহমান মিয়া।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ টু নারায়ণগঞ্জ’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিচারপতি মো. সিদ্দিকুর রহমান মিয়া বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির প্রসারের ফলে সংবাদমাধ্যমের পরিধি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে দায়িত্বও। একটি সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, আবার ভুল তথ্য বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই সাংবাদিকদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও নৈতিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের নানা অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যের চিত্র জনগণের সামনে তুলে ধরেন। এর মাধ্যমে রাষ্ট্র ও সমাজ ইতিবাচক পরিবর্তনের সুযোগ পায়। সংবাদপত্র কেবল তথ্য পরিবেশনের মাধ্যম নয়, এটি জনগণের অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার অন্যতম হাতিয়ার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’-এর সম্পাদক ও প্রকাশক মো. খলিলুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউথ মাসুদ। স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক ‘খবরের পাতা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ‘নিউজ টু নারায়ণগঞ্জ’-এর সম্পাদক ও প্রকাশক মো. ইব্রাহিম খলিল বলেন, “একটি দশক অতিক্রম করে আমরা আজ ১১তম বছরে পদার্পণ করেছি। দীর্ঘ এই পথচলায় পাঠক, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। ডিজিটাল যুগে সংবাদের গতি বেড়েছে, কিন্তু সেই সঙ্গে বেড়েছে দায়িত্বও। আমরা সবসময় সত্যের পক্ষে, মানুষের পক্ষে এবং জনকল্যাণে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “সমাজের অবহেলিত মানুষের কথা, দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে আমাদের কলম কখনো থেমে থাকবে না। পেশাদারিত্ব ও নৈতিকতা বজায় রেখে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা দায়িত্বশীল ভূমিকা রাখতে চাই। ভবিষ্যতেও পাঠকদের পরামর্শ ও গঠনমূলক সমালোচনাকে আমরা ইতিবাচকভাবে গ্রহণ করব।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক প্রসার ঘটেছে। তাই এই মাধ্যমগুলোর দায়িত্বও আগের চেয়ে অনেক বেশি। সমাজের অসঙ্গতি, অন্যায়, অবিচার, দুর্নীতি এবং পিছিয়ে পড়া মানুষের কথা নিরপেক্ষ ও তথ্যভিত্তিকভাবে তুলে ধরতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদই মানুষের আস্থা অর্জন করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।
উদ্বোধনী বক্তব্যে অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান বলেন, ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ পেশাদার সাংবাদিকতা ও নৈতিকতার চর্চার মাধ্যমে দীর্ঘদিন ধরে মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে কেক কেটে ‘নিউজ টু নারায়ণগঞ্জ’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি, সাংবাদিক, পাঠক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।