বাজারে সিন্ডিকেটের অস্তিত্ব না রাখাই সরকারের লক্ষ্য: খাদ্যমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

বাজারে সিন্ডিকেটের কোনো অস্তিত্ব না রাখাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, কোনো সরকারই সিন্ডিকেট পছন্দ করে না। সিন্ডিকেটের অস্তিত্ব থাকলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তাই বাজারে ‘সিন্ডিকেট’ শব্দটি যেন আর না থাকে, সেটিই সরকারের লক্ষ্য।

মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্য সংরক্ষণাগার ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে। বাজার পরিস্থিতি, খাদ্যের মজুত ও সরবরাহ ব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি।

তিনি বলেন, ভবিষ্যতে খাদ্য সরবরাহ বা বাজার ব্যবস্থাপনায় কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুষ্টিকর চাল উৎপাদন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, প্রকল্পটি কবে উদ্বোধন বা চালু করা হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব প্রকল্পটি চালুর উদ্যোগ নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকার পোস্তগোলা সরকারি আধুনিক ময়দামিল পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন খাদ্যমন্ত্রী। পরে দুপুর ১টার দিকে তিনি নারায়ণগঞ্জ সাইলোতে পৌঁছান। সেখানে সাইলো ও এর ভেতরে থাকা নারায়ণগঞ্জ প্রিমিক্স কর্নেল মিলের কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে খাদ্যশস্য সংরক্ষণ, মজুত সক্ষমতা, মিলের উৎপাদন কার্যক্রম ও সামগ্রিক খাদ্য ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন খাদ্যমন্ত্রী। তিনি বিভিন্ন স্থাপনার কার্যক্রমের খোঁজখবর নেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় নারায়ণগঞ্জ প্রশাসন ও খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *