মো. শামীম হোসেন সিকদার:
বান্দরবান শহরের কাছে কসাইপাড়া এলাকার একটি ঝিরি থেকে মো. শরিফ (৩৩) নামের এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত শরিফের পিতার নাম জহির। তিনি বান্দরবান সদর উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের ভান্ডারীপাড়া, মেঘলা সংলগ্ন এলাকার বাসিন্দা।
যেভাবে মরদেহটির সন্ধান মেলে:
কাশেমপাড়ার এক নারী রোববার সকালে ওই ঝিরি থেকে পানি আনতে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে তিনি চিৎকার করে স্থানীয় লোকজনকে খবর দেন। পরবর্তী সময়ে স্থানীয় বাসিন্দারা বান্দরবান সদর থানায় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝিরিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে।
পরিবারের বক্তব্য:
নিহতের মা জানান, রাতে কে বা কারা তাঁর ছেলেকে ফোন করে ডেকে নিয়ে যায়। ফোন পাওয়ার পর শরিফ তাৎক্ষণিকভাবে বাসা থেকে বের হয়ে যান। এরপর রাতে আর বাসায় ফিরে আসেননি।
পরে কসাইপাড়া ঝিরিতে একটি মরদেহ পাওয়া গেছে—এমন খবর পেয়ে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁর মা ও খালা মরদেহটি শনাক্ত করেন। তাঁরা নিশ্চিত করেন, মরদেহটি তাঁদের ছেলে শরিফের। পরিবারের অভিযোগ, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান:
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে সদস্যরা এসে মরদেহটি উদ্ধার করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মরদেহের পরনের কাপড় থেকে ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মাদকসংক্রান্ত বিরোধ অথবা পূর্বশত্রুতার জেরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা।
ওসির বক্তব্য:
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, “শহরের কসাইপাড়া এলাকার একটি ঝিরি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”