আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমের উত্তর-পশ্চিমাঞ্চলে গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালির কাছে সরকারি বাহিনীর হামলায় হুথি বিদ্রোহীদের এক জ্যেষ্ঠ কমান্ডারসহ সাত যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে ইয়েমেনের সরকারি বাহিনী।
মাইক্রোব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে ইয়েমেনের উপ-তথ্যমন্ত্রী আব্দুলবাসিত আল-কাদেই জানান, কাহবুব ফ্রন্টে হুথি কমান্ডার ফিরাক মোহসেন আল-আস্সার এবং তার ছয় সহযোগী নিহত হয়েছেন।
হুথিরা এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে কমান্ডার ফিরাক মোহসেন আল-আস্সারের মৃত্যুতে শোক জানিয়েছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি তারা।
গত কয়েকদিন ধরে পাহাড়ি অঞ্চল কাহবুবে হুথি ও সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। কাহবুবের নিয়ন্ত্রণ হুথিদের হাতে গেলে বাব এল-মান্দেব প্রণালিতে আরও কঠোরভাবে নজরদারি চালানোর সুযোগ তৈরি হতে পারে। এ কারণে অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতে হুথিরা সর্বশক্তি প্রয়োগ করছে। অন্যদিকে ইয়েমেনের সরকারি বাহিনীও সেখানে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই সপ্তাহ আগে হুথিরা লোহিত সাগরের বন্দরনগরী মোখা দখল করে। এরপর থেকে লোহিত সাগর এলাকায় ইয়েমেনের সরকারি বাহিনী তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে। তবে হুথিরা সেখানে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করার চেষ্টা করছে।
ইয়েমেনে ২০১৪ সাল থেকে গৃহযুদ্ধ চলছে। ওই বছর সরকারবিরোধী বিক্ষোভ সশস্ত্র সংঘাতে রূপ নেয়। সে সময় হুথিরা রাজধানী সানাসহ বিস্তীর্ণ অঞ্চল দখল করে নেয়। পরে ইয়েমেনের প্রেসিডেন্ট সৌদি আরবে পালিয়ে যান।
এরপর ২০১৫ সাল থেকে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট হুথিদের হটিয়ে দিতে ব্যাপক বিমান হামলা শুরু করে। তবে এতে হুথিরা পিছু হটেনি। দীর্ঘ সংঘাতের পর ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় পক্ষগুলোর মধ্যে যুদ্ধবিরতি হয়।
তবে সম্প্রতি সেই যুদ্ধবিরতি ভেস্তে গেছে। এরপর সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়েছে।