মোহাম্মদ হোসেন হ্যাপী
আজ, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে নিজের অবস্থান ব্যাখ্যা করে মাসুদুজ্জামান বলেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে দায়িত্ব পেয়েছেন দলীয় আস্থা ও মূল্যায়নের ভিত্তিতেই। তিনি আরো বলেন “দল এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞ, কারন তারা আমাকে যোগ্য মনে করেই এই দায়িত্ব অর্পণ করেছেন”।
তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, তার আয়োজিত একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে যদি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ কোনোভাবে বিব্রত হয়ে থাকলে, তিনি সে জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন। দলীয় শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি তার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক আবেগঘন বক্তব্যে মাসুদুজ্জামান বলেন, বিভিন্ন পারিপার্শ্বিকতা ও বাস্তবতার কারণে তিনি এক পর্যায়ে মনোনয়ন না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তবে নেতাকর্মীদের ভালোবাসা, আস্থা ও প্রত্যাশা তাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। তিনি বলেন, “আপনাদের ভালোবাসা ও বিশ্বাস আমার কাছে অত্যন্ত মূল্যবান। তাই আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমি নির্বাচন করবো এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও কেন্দ্রীয় সকল সিদ্ধান্ত মেনে নিব।”