বিনা খরচে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব

অনলাইন ডেস্ক:

পবিত্র মক্কা ও মদিনায় বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরব। এ সুযোগ পেতে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের জন্য অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’। প্রতিযোগিতায় অংশ নিয়ে লটারির মাধ্যমে জেতা যাবে বিনামূল্যের ওমরাহ প্যাকেজ।

গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত। পুরো মাসজুড়ে প্রতিদিন কুইজে অংশ নেওয়ার মাধ্যমে পুরস্কার জেতার সুযোগ থাকছে।

আয়োজকদের ঘোষণা অনুযায়ী, প্রতিযোগিতায় মোট ১০০টি ওমরাহ প্যাকেজ এবং ১০ হাজার কার্টন জমজমের পানি পুরস্কার হিসেবে দেওয়া হবে।

ওমরাহ প্যাকেজের আওতায় বিজয়ী ও তাঁর একজন সঙ্গীর জন্য থাকবে যাওয়া-আসার বিমান টিকিট, ওমরাহ ভিসা এবং মক্কা ও মদিনায় ১০ রাত থাকার ব্যবস্থা। অর্থাৎ একজন বিজয়ী চাইলে নিজের পছন্দের একজনকে সঙ্গে নিয়ে বিনা খরচে ওমরাহ পালন করতে পারবেন।

এ ছাড়া প্রতিদিন লটারির মাধ্যমে ১০ জনকে জমজমের পানির বিশেষ পুরস্কার দেওয়া হবে। প্রত্যেকে পাবেন ২০ কার্টন করে জমজমের পানি। এর মধ্যে ১০ কার্টন নিজের জন্য এবং বাকি ১০ কার্টন অন্যদের উপহার দেওয়ার সুযোগ রয়েছে।

যেভাবে অংশ নেবেন প্রতিযোগিতায়

প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমে স্মার্টফোনে সৌদি সরকারের অফিসিয়াল ‘নুসুক’ অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলে লগইন করতে হবে।

অ্যাপের মূল মেনুতে গিয়ে ‘ডিসকভার দ্য চ্যালেঞ্জ’ অথবা প্রতিযোগিতা-সংক্রান্ত অপশন নির্বাচন করতে হবে। সেখানে বিভিন্ন বিষয়ের ওপর কুইজে অংশ নেওয়ার সুযোগ পাওয়া যাবে।

প্রতিদিন অংশগ্রহণকারীরা একটি করে ডিজিটাল চাবি পাবেন। সেই চাবি ব্যবহার করে একটি দরজা খুললে একটি প্রশ্ন সামনে আসবে। সঠিক উত্তর দিতে পারলে লটারিতে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে। এ ছাড়া বন্ধু ও পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়ে অতিরিক্ত চাবি সংগ্রহের ব্যবস্থাও রয়েছে।

তবে প্রতিযোগিতায় অংশ নিলেই ওমরাহ পালনের সুযোগ নিশ্চিত হবে না। লটারির মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হবে। তাই অংশগ্রহণের আগে অ্যাপের নিয়ম ও শর্তাবলি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি ব্যক্তিগত তথ্য ও পাসপোর্টের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে অপরিচিত কোনো লিংকে এসব তথ্য না দেওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *