বিয়ের আশ্বাসে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ, দুলাভাই গ্রেফতার

মোহনগঞ্জ প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের আশ্বাস দিয়ে স্ত্রীর চাচাতো বোনের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন ও পরে নির্যাতনের অভিযোগে আবু হানিফ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দুই সন্তানের জনক। অভিযোগকারী তরুণী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

আবু হানিফ মোহনগঞ্জ থানার ৪ নম্বর মাঘান সিয়াধার ইউনিয়নের বাখরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করে পুলিশ।

মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন জানান, দ্রুততার সঙ্গে আবু হানিফকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, আবু হানিফ বিভিন্ন সময় তার স্ত্রীর চাচাতো বোনকে প্রেমের প্রস্তাব দিতেন। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীকে সিলেটে নিয়ে যান তিনি। সেখানে একটি বাসা ভাড়া নিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগ রয়েছে।

পরে ওই তরুণী জানতে পারেন, তিনি অন্তঃসত্ত্বা। বিষয়টি আবু হানিফকে জানানোর পর তিনি তরুণীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়েছে।

তরুণীর অভিযোগ, গর্ভের সন্তান নষ্ট করার জন্য আবু হানিফ একাধিকবার তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পরে গত ১৩ সেপ্টেম্বর রাতে হানিফের গ্রামের বাড়িতে বিয়ে রেজিস্ট্রি করার জন্য চাপ দেন ওই তরুণী। এতে ক্ষিপ্ত হয়ে আবু হানিফ তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গত মঙ্গলবার ওই তরুণী মোহনগঞ্জ থানায় আবু হানিফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। অভিযোগের পর বুধবার রাতে তাকে আটক করে পুলিশ। পরে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *