বিয়ের গুঞ্জনে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী মেধা শঙ্কর

বিনোদন ডেস্ক:

ভারতের কৌতুকশিল্পী সময় রায়না ও ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী মেধা শঙ্করের প্রেমের গুঞ্জন নতুন নয়। বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। এবার সেই আলোচনার সঙ্গে যুক্ত হয়েছে বিয়ের গুঞ্জন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়, আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সময় রায়না ও মেধা শঙ্কর। তবে এ বিষয়ে সরাসরি কোনো ঘোষণা না দিয়ে মজার ছলে প্রতিক্রিয়া জানিয়েছেন দুজনই।

রবিবার ইনস্টাগ্রাম স্টোরিতে ওই পোস্টের ছবি শেয়ার করেন সময় রায়না। সেখানে লেখা ছিল, ‘সময় রায়না ডিসেম্বর মাসে মেধা শঙ্করকে বিয়ে করতে যাচ্ছেন।’ পোস্টটি শেয়ার করে সময় লেখেন, ‘ডিসেম্বরে তো আমার ভারত সফর আছে। দুঃখিত মেধা শঙ্কর, বিয়ে পিছিয়ে দিতে হবে।’

সময়ের সেই স্টোরি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও শেয়ার করেন মেধা। সঙ্গে দেন হাসির ইমোজি। পরে আরও একটি মিম শেয়ার করেন অভিনেত্রী। সেখানে ভিত্তিহীন বিয়ের গুঞ্জন এড়িয়ে যাওয়ার বিষয়টি মজার ছলে তুলে ধরা হয়।

কয়েক দিন আগে রেডিটে প্রকাশিত একটি বেনামি পোস্ট থেকেই মূলত তাদের বিয়ের গুঞ্জন ছড়ায়। ওই পোস্টে দাবি করা হয়, সময় ও মেধা আগামী ডিসেম্বরে বিয়ে করতে যাচ্ছেন। পোস্টদাতা নিজেকে সময়ের পরিবারের ঘনিষ্ঠজন বলেও দাবি করেন।

পোস্টটিতে আরও বলা হয়, সময় ও মেধা বর্তমানে ছুটিতে রয়েছেন এবং সময় দ্রুত মেধাকে বিয়ে করতে চান। তবে পোস্টে করা এসব দাবির কোনোটি সময় কিংবা মেধা নিশ্চিত করেননি।

চলতি বছরের শুরুতে সময় ও মেধাকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। মেধা সময়ের অনুষ্ঠান ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর দ্বিতীয় মৌসুমের একটি পর্বেও অংশ নিয়েছিলেন। ওই পর্বে আরও ছিলেন বরুণ ধাওয়ান, নিশান্ত তানওয়ার ও শ্যারন ভার্মা।

অনুষ্ঠানে সময় ও মেধার সম্পর্ক নিয়েও কথা ওঠে। তখন মেধাকে নিজের ‘সবচেয়ে ভালো বন্ধু’ বলে উল্লেখ করেছিলেন সময়।

এদিকে সম্প্রতি সময় ও মেধার সুইজারল্যান্ডে একসঙ্গে ঘুরতে যাওয়ার গুঞ্জনও ছড়িয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের প্রকাশ করা ছবি দেখে ভক্তদের একাংশ এমন ধারণা করেন। যদিও তারা একসঙ্গে ছুটি কাটাচ্ছেন কি না, সে বিষয়টিও নিশ্চিত করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *