বিশ্ব পরিবেশ দিবসে নারায়ণগঞ্জে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ

মোহাম্মদ হোসেন হ্যাপী:

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবং সরকারের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিও প্রতিনিধিদের মধ্যে বিনামূল্যে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী। এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন।

চারা বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই নারায়ণগঞ্জে ১০ হাজার চারা বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, তাপপ্রবাহ, অনিয়মিত বৃষ্টিপাত এবং জীববৈচিত্র্যের অবক্ষয়ের মতো নানা চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে, যা পরিবেশ ও অর্থনীতির ওপর গভীর প্রভাব ফেলছে। এসব ঝুঁকি মোকাবিলায় কৃষিকে আরও টেকসই, আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করে গড়ে তুলতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ জরুরি।

জেলা প্রশাসক আরও বলেন, জলবায়ু ঝুঁকির সূচকে বাংলাদেশ এখনো উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে রয়েছে। লবণাক্ততা বৃদ্ধি, কৃষি উৎপাদন হ্রাস এবং জলবায়ুজনিত বাস্তুচ্যুতি দেশের উন্নয়নের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ) ও জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) বাস্তবায়নের মাধ্যমে সমন্বিত নীতিকাঠামো অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি উপকূলীয় সুরক্ষা, সামাজিক বনায়ন এবং আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, কার্বন ক্রেডিট ব্যবস্থা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, সবুজ শিল্পায়ন, পরিবেশবান্ধব নগরায়ন এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালন করবে। বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। শুধু গাছ লাগালেই চলবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা করে বড় করে তোলাও সবার দায়িত্ব।

কর্মসূচিতে ব্র্যাক, গ্রীন ফর পিস, কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ, আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, বুবলী যুব কল্যাণ সংস্থা, সন্ধি সামাজিক সংগঠন, নারায়ণগঞ্জ সাহিত্য পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

এছাড়াও সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশকর্মী ও স্থানীয় সচেতন নাগরিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের এ উদ্যোগকে নারায়ণগঞ্জের সচেতন মহল ইতিবাচকভাবে গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *