বিহারে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর একে-৪৭ থেকে গুলি! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিহারে রাজ্যব্যাপী ধর্মঘট চলাকালে বিক্ষোভরত শিক্ষার্থীদের দিকে একে-৪৭ রাইফেল থেকে গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় এক পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (২৫ জুলাই) সিওয়ান জেলায় ধর্মঘটকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। রাজ্যের বিভিন্ন জেলায় ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়। কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে।

ভাইরাল হওয়া ভিডিওটি গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে বিহার পুলিশ সদর দপ্তর। ফুটেজে এক পুলিশ সদস্যকে বিক্ষোভের মধ্যে একে-৪৭ রাইফেল থেকে গুলি ছুড়তে দেখা যায় বলে দাবি করা হয়েছে। ভিডিও প্রকাশের পর ওই পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।

এদিকে পাটনার জয়প্রভা মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন তিন বিক্ষোভকারীর অবস্থা বর্তমানে স্থিতিশীল। আহতদের মধ্যে রয়েছে ১৫ বছর বয়সী মো. আরিফ। পরিবারের দাবি, ধর্মঘটের দিন দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় সংঘর্ষের মধ্যে পড়ে তার ঘাড়ে গুলি লাগে। পরে অস্ত্রোপচার করে তার শরীর থেকে গুলি বের করেন চিকিৎসকেরা। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে।

ঘটনাটি নিয়ে সরব হয়েছেন বিহারের বিরোধী দলীয় নেতা তেজস্বী যাদব। তিনি অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করে তিনি দাবি করেন, এতে একজন পুলিশ সদস্যকে শিক্ষার্থীদের দিকে গুলি ছুড়তে দেখা যাচ্ছে।

বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও। দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ এবং বিহারে একে-৪৭ ব্যবহারের প্রসঙ্গ তুলে তিনি বিভিন্ন আন্দোলনে একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন।

তবে পুলিশ কর্মকর্তারা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান দায়িত্ব পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও প্রোটোকল মানা হয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ইতোমধ্যে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

তদন্তে ওই পুলিশ সদস্য অস্ত্র ব্যবহারের নিয়ম মেনেছিলেন কি না, পাশাপাশি তার বিরুদ্ধে আরও কোনো শাস্তিমূলক বা আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন কি না—সেসব বিষয়ও নির্ধারণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

রাজ্যব্যাপী ধর্মঘটের অংশ হিসেবে সেদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী শহরে জড়ো হয়ে গান্ধী ময়দানের দিকে মিছিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্লোগানকে কেন্দ্র করে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা এবং পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

এর মধ্যেই একে-৪৭ থেকে গুলি ছোড়ার ভিডিও ছড়িয়ে পড়ায় ঘটনাটি নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *