ভাঙ্গায় পাচারের অভিযোগে ২৫০ বস্তা সারসহ আ.লীগ নেতা আটক

ভাঙ্গা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকভর্তি সার পাচারের চেষ্টার অভিযোগে এ কে এম ইলিয়াস হাওলাদার (৫৫) নামে এক সার ডিলারকে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) রাতে মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকা থেকে ১২ দশমিক ৫ মেট্রিক টন বা ২৫০ বস্তা ডিএপি সারবোঝাই ট্রাকটি আটক করা হয়। এ ঘটনায় ট্রাকের হেলপারকেও আটক করা হয়েছে।

আটক ইলিয়াস হাওলাদার ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়ালদী গ্রামের ছোমেদ হাওলাদারের ছেলে। তিনি চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি। পাশাপাশি তিনি মালিগ্রাম বাজারের মেসার্স হাওলাদার ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং চান্দ্রা ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সার ডিলার।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে নিজের দোকান থেকে ২৫০ বস্তা সার ট্রাকে তুলে পাশের শিবচর উপজেলায় নেওয়ার চেষ্টা করছিলেন ইলিয়াস হাওলাদার। এ সময় স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছান। পরে সারবোঝাই ট্রাক, সার ডিলার ইলিয়াস হাওলাদার ও ট্রাকের হেলপারকে আটক করে থানায় নেওয়া হয়।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন এবং ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল।

ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২৫০ বস্তা সারবোঝাই ট্রাক ও সার ডিলারকে আটক করা হয়েছে। এ ঘটনায় সার ডিলারের বিরুদ্ধে মামলা, ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জব্দ করা সারবোঝাই ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। সার ডিলার ইলিয়াস হাওলাদারকে আটক করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, সার পাচারের খবর পেয়ে তিনি সহকারী কমিশনার (ভূমি) ও কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠান এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *