আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক অভিযানে সাত সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। নিহতদের মধ্যে কয়েকজনকে ‘ভারত সমর্থিত’ বলে উল্লেখ করেছে পাকিস্তানের নিরাপত্তাবাহিনী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
নিরাপত্তাবাহিনীর বিবৃতি অনুযায়ী, বেলুচিস্তানের চাগাই জেলার নোকচা এলাকায় অভিযানে দুই সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন। নিরাপত্তাবাহিনী দাবি করেছে, ওই ব্যক্তিরা দুটি খালি পানির ট্যাংকে আগুন ধরিয়ে দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিলেন। পরে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
এ ছাড়া জাতীয় মহাসড়ক এন-৪০-এর বিভিন্ন স্থানেও আগুন দেওয়ার অভিযোগ করেছে নিরাপত্তাবাহিনী। একই ধরনের কর্মকাণ্ডের অভিযোগে গত ৩১ আগস্ট ১১ জনকে হত্যার দাবি করেছিল পাকিস্তানি বাহিনী।
বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্র।
অন্যদিকে, খাইবার পাখতুনখাওয়ার বারা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালানো হয়। পাকিস্তানের নিরাপত্তাবাহিনীর দাবি, সেখানে ‘ফিতনা আল-খারেজি’র সাত সদস্য নিহত হয়েছেন। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের পাশাপাশি তাদের একটি গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে বলে দাবি করে আসছে ইসলামাবাদ। পাকিস্তান এসব হামলার জন্য আফগানিস্তান থেকে আসা সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে। তবে আফগানিস্তান পাকিস্তানের এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে।