ভালুকিয়া উচ্চ বিদ্যালয়ের মেরামত কাজে অনিয়মের অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলার ভালুকিয়া উচ্চ বিদ্যালয়ের মেরামত কাজে অনিয়ম, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহারের বিষয়ে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনগণ, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উখিয়ার কাছে লিখিত আবেদন করেছেন ভালুকিয়া পালং এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম। গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে দাখিল করা আবেদনে বিদ্যালয়ের মেরামত কাজের নিরপেক্ষ তদন্ত, প্রকল্পের বরাদ্দ ও ব্যয়ের হিসাব যাচাই এবং কাজের গুণগত মান পরীক্ষা করার দাবি জানানো হয়।

আবেদনে অভিযোগ করা হয়েছে, বিদ্যালয়ের মেরামত কাজ নির্ধারিত নকশা, প্রাক্কলন, কার্যাদেশ ও কারিগরি মানদণ্ড অনুযায়ী সম্পন্ন হয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন। পাশাপাশি ব্যবহৃত নির্মাণসামগ্রীর গুণগত মান পরীক্ষা এবং প্রকল্পের বরাদ্দ ও বাস্তব ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আবুল কাশেম বলেন, “বিদ্যালয়ের মেরামত কাজে অনিয়মের অভিযোগ থাকলে বিষয়টি কোনোভাবেই উপেক্ষা করা উচিত নয়। নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা প্রয়োজন। তদন্তে অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশের সঙ্গে বিদ্যালয়ের অবকাঠামোর মান সরাসরি সম্পৃক্ত। তাই সরকারি অর্থে পরিচালিত মেরামতকাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করা জরুরি।

অভিযোগকারী সাইফুল ইসলাম বিদ্যালয়ের অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ কাজগুলো পুনরায় মানসম্মতভাবে সম্পন্ন করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে কার্যকর তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, অভিযোগটি দ্রুত নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিদ্যালয়ের মেরামতকাজ মানসম্মতভাবে সম্পন্ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *