মোঃ আনজার শাহ:
জীবনের আরও একটি বছর পেরিয়ে জন্মদিনে অসাধারণ এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন প্রথম আলোর কুমিল্লা জেলা প্রতিনিধি আব্দুর রহমান। সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের উষ্ণ ভালোবাসা আর আন্তরিক শুভেচ্ছায় দিনটি পরিণত হয় এক অবিস্মরণীয় মুহূর্তে।
বিশেষ এই দিনটিকে আরও আনন্দময় করে তুলতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার সদস্যরা। সঙ্গে ছিলেন কুমিল্লা অফিসের প্রিয় সহকর্মীরাও। তাঁদের সরব উপস্থিতি, প্রাণবন্ত আয়োজন এবং হৃদয় উজাড় করা শুভেচ্ছা পুরো পরিবেশকে করে তোলে উৎসবমুখর ও আবেগময়।
শুধু সশরীরে নয়, ডিজিটাল মাধ্যমেও ভালোবাসার ঢল নামে। ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের নানা প্রান্ত থেকে অসংখ্য শুভাকাঙ্ক্ষী শুভেচ্ছা বার্তা পাঠান। ব্যস্ত কর্মজীবনের ফাঁকেও অনেক প্রিয়জন সরাসরি ছুটে এসে তাঁকে শুভকামনা জানিয়ে যান, যা আব্দুর রহমানকে গভীরভাবে আবেগাপ্লুত করে।
এ উপলক্ষে নিজের ফেসবুক পেজে আব্দুর রহমান আবেগমিশ্রিত কণ্ঠে লেখেন, সবার এই অকৃত্রিম ভালোবাসা আর দোয়া নিয়েই আগামীর পথ চলতে চান তিনি। সবার প্রতি জানান গভীর কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা।
এদিকে আব্দুর রহমানের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ দপ্তর সচিব ও স্বাধীন সংবাদ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ আনজার শাহ বলেন,
“আব্দুর রহমান ভাই শুধু একজন দক্ষ সাংবাদিকই নন, তিনি একজন সত্যিকারের মানবিক মানুষ। তাঁর নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব কুমিল্লার সাংবাদিকতাকে সমৃদ্ধ করেছে। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি। আল্লাহ তাঁকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আরও বড় সাফল্য দান করুন।”
কুমিল্লার সাংবাদিক মহলসহ সর্বস্তরের মানুষ আব্দুর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।