মনপুরায় মেম্বার পদপ্রার্থী জহিরুলের মতবিনিময় সভা

মো. আব্দুল গফুর সিকদার:

ভোলার মনপুরা উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. জহিরুল ইসলাম স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। রোববার (২৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে আয়োজিত এ সভায় ওয়ার্ডের উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়।

সভায় স্থানীয় বাসিন্দারা ওয়ার্ডের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় তাঁরা জহিরুল ইসলামের প্রতি সমর্থন জানিয়ে তাঁর জন্য দোয়া করেন।

মতবিনিময় সভায় মেম্বার পদপ্রার্থী মো. জহিরুল ইসলাম বলেন, “আমি নির্বাচিত হয়ে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার হতে পারলে ইনশাআল্লাহ, ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করব। গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়াব এবং তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট থাকব।”

তিনি বলেন, ওয়ার্ডের উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। সরকারি বরাদ্দ ও সুযোগ-সুবিধা যাতে ন্যায্যভাবে বণ্টন করা হয়, সে লক্ষ্যে তিনি কাজ করতে চান।

জহিরুল ইসলাম আরও বলেন, মাদক, সন্ত্রাস, দখলবাজি ও দুর্নীতিমুক্ত একটি শান্তিপূর্ণ ও আদর্শ ওয়ার্ড গড়ে তোলা তাঁর অন্যতম লক্ষ্য। এ জন্য রাস্তাঘাটের উন্নয়ন, জনসাধারণের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্ব দেবেন তিনি।

নির্বাচিত হলে দল-মতনির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এই মেম্বার পদপ্রার্থী। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাঁদের সমস্যা চিহ্নিত করা এবং সমাধানে সম্মিলিত উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *