মো. আব্দুল গফুর সিকদার:
ভোলার মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে উপজেলা যুবদল। শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব হাফেজ আব্দুর রহিম, কামাল উদ্দিন, সহসভাপতি, ২ নম্বর হাজিরহাট ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইলিয়াস মুন্সি, মো. নাছির উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
অভিযানকালে হাসপাতাল চত্বর ও আশপাশে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি হাসপাতাল প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা এবং রোগী ও তাঁদের স্বজনদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সচেতনতা তৈরি করা হয়।
এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লা বলেন, ‘মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা পড়ে থাকায় আমরা যুবদলের সদস্যদের নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি। হাসপাতালটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ভবিষ্যতেও আমরা এ ধরনের কার্যক্রম চালিয়ে যাব।’
তিনি আরও বলেন, ‘হাসপাতালটি মনপুরার সাধারণ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। তাই এর পরিবেশ পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। জনস্বার্থে যুবদলের পক্ষ থেকে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।’
স্থানীয়দের মতে, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জনসেবা প্রতিষ্ঠানে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে।