মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টা, নারী আটক

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার কালীঘাটের বাড়ির সামনে তাঁকে ছুরি দিয়ে হামলার চেষ্টা করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে ওই নারীকে আটক করেছে কলকাতা পুলিশ।

তৃণমূল কংগ্রেসের মমতাপন্থি অংশের সাধারণ সম্পাদক দোলা সেন এ অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন।

দোলা সেনের অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এবং তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় কালীঘাট মিলন সংঘের পূজায় যোগ দিতে মমতার বাড়ি থেকে বের হচ্ছিলেন। বাড়ির ফটক পেরোনোর পর এক নারী মমতাকে ‘পিসি’ সম্বোধন করে তাঁর দিকে ছুটে আসেন এবং ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন।

মমতার সঙ্গে থাকা ব্যক্তিরা ওই নারীকে বাধা দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর ওই নারী রাস্তায় শুয়ে গালিগালাজ করতে থাকেন বলেও দাবি করেছেন দোলা সেন।

অভিযোগে আরও বলা হয়েছে, ওই নারী মদ্যপ ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তেড়ে আসার সময় তাঁর হাতে ছুরি ছিল। ঘটনার পর সেখানে দাঁড়িয়ে থাকা দুই পুলিশ সদস্যের কাছে অভিযোগ জানানো হলেও তাঁরা নিজেদের রাজ্য পুলিশের সদস্য পরিচয় দিয়ে বলেন, কলকাতা পুলিশের অধীন এলাকায় তাঁদের কিছু করার নেই বলে অভিযোগ করেছেন দোলা সেন।

এদিকে, রাতে ওই নারীকে আটকের তথ্য নিশ্চিত করেছে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আটক নারীর নাম অনুসূয়া সাহা। তিনি কলকাতার নিউ আলিপুরের বাসিন্দা। একসময় তিনি সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করতেন, তবে গত এক বছর ধরে দায়িত্বে ছিলেন না বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে পুলিশের তদন্ত চলছে। অভিযোগের সত্যতা এবং ওই নারীর হাতে ছুরি ছিল কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *