মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট স্থাপনে স্পেসএক্সকে অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

মহাকাশে বিশাল ডেটা সেন্টার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনায় বড় অগ্রগতি অর্জন করেছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। প্রতিষ্ঠানটিকে মহাকাশে ১০ লাখ কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট স্থাপনের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। তবে এই পরিকল্পনার বাস্তবায়ন, ব্যয় এবং পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানী ও মহাকাশ বিশেষজ্ঞরা।

বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাটি এ অনুমোদন দেয়। বার্তা সংস্থা এপি ও আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জন্য বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণের উদ্দেশ্যে মহাকাশে ডেটা সেন্টার স্থাপন করতে চায় স্পেসএক্স।

এফসিসির অনুমোদন অনুযায়ী, স্পেসএক্স মহাকাশে ১০ লাখ ‘অরবিটাল কম্পিউট মডিউল’ স্থাপন করতে পারবে। এসব মডিউল নিয়ে ‘স্টারমাইন্ড’ নামে একটি ডেটা সেন্টার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এর মাধ্যমে এআই প্রযুক্তি পরিচালনার জন্য প্রয়োজনীয় তথ্য প্রক্রিয়াকরণ করা হবে। পাশাপাশি সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে এসব কেন্দ্র পরিচালনার পরিকল্পনাও রয়েছে।

এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার এক বিবৃতিতে এ সিদ্ধান্তকে মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, এ উদ্যোগ নতুন প্রযুক্তিগত সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমোদনকে স্বাগত জানিয়েছেন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কও।

অনুমোদনের শর্ত অনুযায়ী, ২০৩৩ সালের মধ্যে স্পেসএক্সকে অন্তত একটি অনুমোদিত মহাকাশ স্টেশন স্থাপন করতে হবে। পরবর্তী সময়ে ২০৪০ সাল পর্যন্ত পর্যায়ক্রমে আরও স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে।

পরিকল্পনা নিয়ে বিজ্ঞানীদের উদ্বেগ

মহাকাশে এত বিপুলসংখ্যক স্যাটেলাইট স্থাপন ও পরিচালনার বাস্তবতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, এ উদ্যোগ বাস্তবায়নে বিপুল অর্থ ও উন্নত প্রযুক্তির প্রয়োজন হবে। পাশাপাশি মহাকাশের পরিবেশ এবং পৃথিবীর কক্ষপথে থাকা অন্যান্য স্যাটেলাইটের নিরাপত্তা নিয়েও ঝুঁকি তৈরি হতে পারে।

জ্যোতির্পদার্থবিজ্ঞানী ও লেখক অ্যাডাম বেকার এ পরিকল্পনাকে অবাস্তব বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, মহাকাশে ডেটা সেন্টার পরিচালনার ক্ষেত্রে তাপ নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ। মহাকাশে বায়ু না থাকায় প্রচলিত পদ্ধতিতে তাপ অপসারণ সম্ভব নয়। ফলে যন্ত্রপাতি ঠান্ডা রাখা এবং পুরো ব্যবস্থাটি সচল রাখা কঠিন হয়ে পড়বে।

বিশেষজ্ঞরা আরও আশঙ্কা করছেন, বিপুলসংখ্যক স্যাটেলাইট উৎক্ষেপণ ও পরিচালনার ফলে মহাকাশ বর্জ্য বাড়তে পারে। কক্ষপথে সংঘর্ষের ঘটনা ঘটলে তা থেকে ধারাবাহিক সংঘর্ষের ঝুঁকি তৈরি হতে পারে, যা অন্যান্য গুরুত্বপূর্ণ উপগ্রহের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারে।

অন্যদিকে, পরিকল্পনাটির সমর্থকদের দাবি, সৌরশক্তি ব্যবহার করে মহাকাশে ডেটা সেন্টার পরিচালনা করা গেলে পৃথিবীর বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমবে। একই সঙ্গে স্থলভাগে বড় আকারের ডেটা সেন্টার নির্মাণ এবং সেগুলো ঠান্ডা রাখতে বিপুল পানি ও অন্যান্য সম্পদের ব্যবহারও কমানো সম্ভব হবে।

তবে এ পরিকল্পনার বিরোধিতা করেছে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (এএএস), স্যাটেলাইট যোগাযোগ প্রতিষ্ঠান ভায়াস্যাট এবং অ্যামাজনের মালিকানাধীন কুইপার সিস্টেমসসহ কয়েকটি প্রতিষ্ঠান। তারা এফসিসির কাছে স্পেসএক্সের প্রস্তাব প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছিল।

বুধবার এক বিবৃতিতে এএএস জানিয়েছে, এফসিসির সিদ্ধান্তে তারা হতাশ। সংস্থাটির আশঙ্কা, পৃথিবীর নিম্ন কক্ষপথে বিপুলসংখ্যক স্যাটেলাইট স্থাপন করা হলে জ্যোতির্বিজ্ঞান গবেষণা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে রাতের আকাশে স্যাটেলাইটের উজ্জ্বল উপস্থিতি মহাকাশ পর্যবেক্ষণ ও গবেষণায় বাধা সৃষ্টি করতে পারে।

এএএসের পাশাপাশি জ্যোতির্পদার্থবিজ্ঞানী অ্যাডাম বেকারও রাতের আকাশের স্বাভাবিক দৃশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

এফসিসি জানিয়েছে, অনুমোদনের আগে তারা জনসাধারণের কাছ থেকে বিভিন্ন মতামত পেয়েছে। এর মধ্যে স্পেসএক্সের আবেদন প্রত্যাখ্যানের দাবিও ছিল। তবে সবকিছু বিবেচনায় নিয়ে সংস্থাটি মনে করছে, এ প্রকল্প জনস্বার্থের অনুকূলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *